ছয় মামলায় মাহমুদুরকে হাই কোর্টের জামিন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নিয়ে ‘অশালীন’ মন্তব্যের অভিযোগে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির ছয় মামলায় আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট।
মঙ্গলবার আদালতে এসে জামিন আবেদন করলে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও জেবিএম হাসানের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আদিলুর রহমান খান শুভ্র; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।
পরে মাহমুদুর রহমানের আইনজীবী আদিলুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোট ৩৬টি মামলার মধ্যে আগে ১০টি মামলায় জামিন নিয়েছিলেন। আজ আরও ছয়টিতে পেলেন।
গত বছরের ১ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানহানি এবং রাষ্ট্রের অস্থিতিশীল অবস্থা সৃষ্টির উস্কানির অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুষ্টিয়া, দিনাজপুর, বরিশাল, যশোর, টাঙ্গাইল ও কুড়িগ্রাম এক হাজার কোটি টাকার মানহানির ছয়টি মামলা হয়।
ছয় জেলার এসব মামলায় মঙ্গলবার জামিন নিলেন মাহমুদুর। বিভিন্ন জেলায় এ সংক্রান্ত আরও ২০টি মামলা রয়েছে মাহমুদুর রহমানের বিরুদ্ধে।
