মোহাম্মদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, দুই জনের কারাদণ্ড
বিশুদ্ধ না করে খাবার পানি বাজারজাত করায় রাজধানীর মোহাম্মদপুরের ৪টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় চলা এ অভিযানে দুজনকে তিন মাস করে কারাদণ্ডও দেওয়া হয়েছে।
এ সময় ধ্বংস করা হয়েছে ৪ হাজার ৬০০ পানির জার। চারটি কারখানাই সিলগালা করে দেওয়া হয়েছে।
বিএসটিআইয়ের এ অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযানের শুরুতে সকাল সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের শ্যামলী হাউজিংয়ের রিলায়েবল ড্রিংকিং ওয়াটার নামে একটি পানির কারখানায় যায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে পানি জারের ভরার কাজে নিয়োজিত দুই শ্রমিকের প্রত্যেকে তিন মাস করে করাদণ্ড দেওয়া হয়।
পরে আক্কাসনগরের কেএস ফুড এন্ড বেভারেজে যায় ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া চাঁদ উদ্যানের অন্তর ড্রিংকিং ওয়াটারে গেলে সেটি বন্ধ পাওয়া যায়। কারখানার কোনো কর্মী সেখানে ছিল না। কারখানা সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। রায়েরবাজার বধ্যভূমির কাছের স্বচ্ছ ড্রিংকিং ওয়াটার নামে একটি কারখানাও সিলগালা করে দেওয়া হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব প্রতিষ্ঠান পানি পরিশোধন করেই বোতলজাত করে বিক্রি করছিল।
“তারা পানি কোনো ধরনের পিউরিফাই না করে সরাসরি জারে ভরে বিক্রি করছিল। এই চারটা প্রতিষ্ঠানের একটারও লাইসেন্স নাই। তারা পানির কোনো টেস্টও করে না, বিশুদ্ধকরণও করে না।”
“এছাড়া তারা যে জারে পানি ভরছিল সেগুলোর একটাও ফুড গ্রেড প্লাস্টকের তৈরি না। এসব জার ফুডগ্রেড না হলে তাতে জীবানুর উৎপন্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এ কারণেই তাদের জেল-জরিমানা করা হয়েছে।”
