২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের নিচে পড়ে দুই পা হারালেন জগন্নাথ শিক্ষার্থী

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনের নিচে পড়ে দুই পা হারিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 05:17 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

রুবিনা আক্তার (২২) নামে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী।

তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জের শান্তিনগর গ্রামে। বাবার নাম রবিউল ইসলাম।

বাড়ি যেতে ট্রেনে উঠতে রুবিনা কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলেন। 

ঢাকা রেলওয়ের থানার ওসি ইয়াছিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে ৬ নম্বর প্লাটফর্মে একটি রেল ইঞ্জিনের নিচে কাটা পড়ে রুবিনা শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

কীভাবে ওই শিক্ষার্থী ট্রেনের নিচে পড়লেন- জানতে চাইলে তিনি বলেন, “ইঞ্জিনটি ঘুরানোর (পরিবর্তন) সময় ওই ছাত্রী নিচে পড়েন। সম্ভবত মাথা ঘুরে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।”

রুবিনাকে দ্রুত পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, রুবিনার হাঁটুর উপর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।  জরুরি বিভাগে তার অস্ত্রোপচার চলছে।

গত ২২ জানুয়ারি সিরাজগঞ্জে শফিকুল ইসলাম শান্ত (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে দুই পা হারিয়েছিলেন।

পুরনো খবর:

ট্রেন দুর্ঘটনায় দুই পা কাটা পড়ল ঢাবি শিক্ষার্থীর