২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

রাজধানীর ডেমরা এলাকায় এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 02:42 AM

Updated : 08 Apr 2022, 05:49 PM

এক সন্তানের জননী ওই নারী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি।

তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে তাকে ধর্ষণের অভিযোগের সত্যতা পাননি তারা। 

ওই নারী সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত ৮টার দিকে তার পরিচিত হেলাল নামের এক ব্যক্তিসহ চারজন তার বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন। খবর পেয়ে কয়েকজন এসে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করে।

তার স্বামী অনেক আগে মারা গেছে জানিয়ে ওই নারী বলেন, তার একমাত্র ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে। টেইলার্সের কাজ করে সংসার চালান তিনি।

এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সদস্য এবং বিভিন্ন মাধ্যমে তারা ওই নারী ধর্ষিত হওয়ার অভিযোগ পান।

তার ভিত্তিতে শনিবার দুপুরে তিনি হাসপাতালে গিয়ে ওই নারীর সঙ্গে কথা বলেন। ওই নারী হেলালসহ কয়েকজন মিলে তাকে ধর্ষণের অভিযোগ করলেও তাদের ঠিকানা বলতে পারেননি।

“এরপরে আমি ঘটনাস্থল হাজীনগর লালভবনের পাশের বাসায় যাই এবং তিনি যে অভিযোগ করেছেন প্রাথমিকভাবে তার স্বপক্ষে কোনো প্রমাণ পাইনি।“

ওই নারী একটি কক্ষ নিয়ে একাই থাকেন জানিয়ে পুলিশ কর্মকর্তা সেলিম বলেন, পাশের কক্ষের ভাড়াটিয়া ও বাড়িওয়ালার সঙ্গে কথা হয়েছে।

“পাশের ভাড়াটিয়া বলেছেন, সকালে এক যুবক তার বাসায় এসে বেলা ১২টার দিকে চলে যায়। আর ওই নারী বেলা ৩টার দিকে বোরখা পরে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

“আর ধর্ষণের ঘটনা ঘটলে চিৎকার চেঁচামেচি পাশের কক্ষ থেকে শোনা যেত, সেটাও শোনা যায়নি। তাদের কাছে কোনো অভিযোগও করেননি বলে জানিয়েছেন পাশের ভাড়াটিয়া।”

এরপরেও এ বিষয়ে তদন্ত চলছে জানিয়ে পুলিশ পরিদর্শক বলেন, ওই নারীকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। ঢাকা মেডিকেলের প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হবে।