১৪ শিল্পীর শিল্পকর্মে সজ্জিত জয়নুল গ্যালারি
সত্তরের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পাস করা ১৪ জন শিল্পী চিত্রকর্ম নিয়ে জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনী।
এই সব শিল্পীর বিভিন্ন সময়ে আঁকা প্রায় ৫০টি চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। আগামী ৩০ জানুয়ারি প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন দর্শনার্থীরা।
চারুকলা অনুষদের ১৯৭৫-৮০ সালের গ্রাজুয়েটদের চিত্রকর্মের এই প্রদর্শনী বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধন করেন চিত্রশিল্পী রফিকুন নবী।
এ সময় তিনি বলেন, “এ ছাত্রদের অনেকেই চুল পাকিয়েছে, নিজেকে বৃদ্ধ বলে দাবি করে। তবে তারা সবাই একত্রিত হয়ে যে এ রকম একটি প্রদর্শনী করছে, তা অবশ্যই প্রসংশনীয়।
“এর ফলে বন্ধুদের মাঝে আত্মিক যোগাযোগটা যেমন আরও মধুর হবে, তেমনি কাজের ফাঁকে ফাঁকে ছবি আঁকার ইচ্ছেটাকেও প্রাধান্য দেওয়া হবে। এতে করে প্রত্যেকেরই নিজের মূল্যায়নটা বাড়বে। একে অপরের সাথে নিজের ছবি নিয়ে আলোচনা করবে, যা শিল্পের জন্য অনেক বড় ব্যাপার।”
খ্যাতনামা এই চিত্রশিল্পী বলেন, “এই ছবিটা ভালো না, ওই ছবিটা খারাপ- এমন কথা বর্তমান সময়ে বলা যায় না। কখন কার কাছে কোন ছবি ভালো লাগে তা কেউই বলতে পারে না। তবে শিল্পীর নিজের মধ্যে অবশ্যই তুলনামূলক বিবেচনা থাকতে হবে, যার মাধ্যমে শিল্পী নিজেকে উন্নীত করতে পারবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অধ্যাপক আবুল বারক আলভী উপস্থিত ছিলেন।
যে শিল্পীদের ছবি নিয়ে প্রদর্শনী তাদের পক্ষে স্বাগত বক্তব্যে রেজাউন নবী বলেন, “দীর্ঘ সময় পার করে এসে এখন আমাদের অনেক বন্ধুই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকেই আছেন দেশের বাইরে, ফলে সবাইকে একত্রিত করা সম্ভব হয়নি। সবাই মিলেই চেষ্টা করেছি একটা কিছু করার।”
