২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর মৃত্যু: ফাঁসির আসামি খালাস হাই কোর্টে

স্ত্রী কামরুন্নাহার লাকীকে হত্যার দায়ে বিচারিক আদালতে প্রাণদণ্ড পাওয়া রফিকুল ইসলাম বুলবুলকে খালাস দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 10:08 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়।

রায়ে হতাশা প্রকাশ করেছেন লাকীর অশীতিপর মা।

লাকীর মৃত্যু হয় সিঙ্গাপুরে। ওই দেশের পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে হাই কোর্টের রায় আসে বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল জানিয়েছেন।

আসামি রফিকুল ইসলাম বুলবুল বিচারের শুরু থেকেই পলাতক। তিনি সিঙ্গাপুরে থাকেন বলে জানা গেছে। তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন হাসনা বেগম।

১৯৯৮ সালের ১৭ নভেম্বর সিঙ্গাপুরে একটি ভবনের ১২ তলা থেকে পড়ে বগুড়ার লাকীর মৃত্যু হয়। পরদিন তার মৃতদেহ দেশে আসে। এরপর ১৯ নভেম্বর বগুড়া থানায় অপমৃত্যুর মামলা হয়।

এর প্রায় এক বছর পর ১৯৯৯ সালের ২৬ আগস্ট জামাতা বুলবুলের বিরুদ্ধে বগুড়া থানায় নারী ও শিশু নির্যাতন বিশেষ আইনে মামলা করেন লাকীর মা জহুরা হায়দার।

মামলায় বলা হয়, ১৯৯৬ সালের ৫ জুলাই বুলবুলের সঙ্গে আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের ছাত্রী লাকীর বিয়ে হয়। বিয়ের দিন থেকেই যৌতুকের জন্য চাপ দেওয়া হচ্ছিল লাকীকে, এক পর্যায়ে শারীরিক-মানসিক নির্যাতন শুরু হলে যৌতুকের দাবিও মেটানো হয়।

“কিন্তু বিয়ের ৮ মাসের মাথায় রফিকুল ব্যবসার জন্য আবার দুই লাখ টাকা চায় শাশুড়ির কাছে। টাকা দিতে অস্বীকার করলে লাকীকে রেখে সিঙ্গাপুর চলে যায় রফিকুল।”

পরবর্তীতে ১৯৯৭ সালে রফিকুল সিঙ্গাপুর নিয়ে যান লাকীকে। সেখানে ৯০৪ ব্লকের ৯১ নাম্বার স্ট্রিটে ১৩৫ জুরং ওয়েস্ট ভবনে তারা ওঠে।

“সেখান থেকে মাঝে-মধ্যেই ফোনে মায়ের সঙ্গে কথা তো লাকীর। ২০০৮ সালের ১৫ নভেম্বর ফোনে লাকীর সঙ্গে কথা বলে মায়ের আশঙ্কা তৈরি হয়। দুদিন পর বাংলাদেশ সময় সকাল ১০টায় জহুরা হায়দার লাকীকে ফোন করলে সে জানায়, সে কিচ্ছু দেখতে পাচ্ছে না। কথা বলা এক পর্যায়ে ফোন কেটে যায়।”

পরে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে বুলবুল খবর পাঠান যে লাকী ১২তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।   

জহুরা হায়দার দাবি করেন, যৌতুকের কারণে ধারাবাহিক নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে।

এ মামলায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০১১ সালের ১২ ডিসেম্বর রায় দেয়। রায়ে একমাত্র আসামি বুলবুলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর রাজশাহীর আদালত মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাই কোর্টে ডেথ রেফারেন্স পাঠায়।

এ ডেথ রেফারেন্সের উপর শুনানি শেষে হাই কোর্ট আসামি বুলবুলকে খালাস দিল।

রায়ের সময় আদালতে উপস্থিত জহুরা হায়দার সাংবাদিকদের বলেন, “মেয়েকে হারিয়েছি। এখন তাকে হত্যার বিচারও পেলাম না।”

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাকী মারা যাওয়ার পরপরই সিঙ্গাপুর পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায় ও পরে তদন্ত করে প্রতিবেদন দেয়।

“তাদের ওই প্রতিবেদন ইন্টারপোলের মাধ্যমে সংগ্রহ করা হয়। ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়, লাকীর মৃত্যুর ঘটনায় হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। আত্মহত্যা বলে প্রতীয়মান হয়। হাই কোর্ট সিঙ্গাপুর পুলিশের ওই তদন্ত প্রতিবেদন বিশ্বাস করেছেন। এ কারণে আসামিকে খালাস দেওয়া হয়েছে।”

রুবেল বলেন, “সন্তান না হওয়ায় লাকী হতাশাগ্রস্ত ছিল। এজন্য সে চিকিৎসাও নিয়েছে। সেই হতাশা থেকেই আত্মহত্যা করেছে বলে প্রমাণ মিলেছে। হাই কোর্ট এটাকে বিশ্বাস করে আসামিকে খালাস দিয়েছে।”

অন্যদিকে সাক্ষীদের জবানবন্দিতে বিশ্বাস করে বিচারিক আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিল বলে মনে করেন তিনি।

রুবেল বলেন, তারা হাই কোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।