২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বই মেলায় লেখক ও প্রকাশকদের নিরাপত্তা দেবে পুলিশ

একুশের বইমেলায় লেখক ও প্রকাশককে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 09:25 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় তিনি  একথা জানান।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বাংলা একাডেমি কর্তৃপক্ষ, লেখক ও প্রকাশক সংগঠনগুলোর প্রতিনিধি ও সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার বলেন, "যদি কোন লেখক ও প্রকাশকের বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয়, তাহলে মেলায় স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করলে তাদের নিরাপত্তা প্রদান করা হবে।"

বইয়ের প্রসঙ্গে তিনি বলেন, “যে কোনো নতুন বই মেলায় আসলে বাংলা একাডেমি তা যাচাই-বাছাই করে দেখবেন। যাতে কোনো বই ধর্মীয়, সামাজিক ও জাতীয় মূল্যবোধে আঘাত করতে না পারে।”

২০১৫ সালে বই মেলা চলাকালে মেলা প্রাঙ্গণের বাইরে জঙ্গিহামলায় নিহত হয়েছিলেন লেখক অভিজিৎ রায়। ওই সময়টাতে বিভিন্ন স্থানে অনলাইন অ্যাক্টিভিস্ট-লেখক-অধ্যাপক-সংস্কৃতিকর্মীদের উপর হামলা হলেও ২০১৬ সালে গুলশান হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে জঙ্গিদের তৎপরতা স্তিমিত হয়ে এসেছে।   

ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলবে বই মেলা।

এই বইমেলাকে ঘিরে ডিএমপি নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান কমিশনার।

তিনি বলেন, বই মেলার ভেতরে ও বাইরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করবে।

সিসি ক্যামেরা দিয়ে মেলার ভেতরসহ চারপাশ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে বলে আছাদুজ্জামান জানান।

বইমেলার আশপাশ হকারমুক্ত করা হবে বলেও জানান তিনি।

বরাবরের মতোই মেলায় প্রবেশ ও বাইরের জন্য থাকবে আলাদা ফটক। প্রত্যেককে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের তল্লাশি পেরিয়ে যেতে হবে।

বইমেলার গৃহীত নিরাপত্তা নিয়ে আগামী ৩০ জানুয়ারি দুপুরে  মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করবেন বলেও ডিএমপি কমিশনার জানান।