২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে পুলিশ-আনসার মারামারি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে যাওয়া নিয়ে দায়িত্বরত আনসার সদস্যের সঙ্গে এক পুলিশ সদস্যের মারামারি হয়েছে। আহত দুজনই এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 01:09 AM

Updated : 19 Aug 2022, 01:29 PM

এরা হলেন- আনসার সদস্য মো. সাইফুল ইসলাম (২৭) এবং পুলিশ সদস্য মাহাবুবুল আলম মাহাবুব (২৪)। মাহাবুব মিরপুরে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত।

বুধবার বিকালে দুজনের মারামারির পর অন্য কয়েকজন আনসার সদস্য এসে মাহবুবকে মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে জানিয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেছেন, কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এরপর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই পালায় দায়িত্ব পালনকারী ৫৯ জন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মাহবুব জানান, তার সহকর্মী পুলিশ কনেস্টেবল মো. রুবেল (২৫) এপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের পর হাসপাতালের পোস্ট অপারেটিভে আছেন। তাকে দেখাশুনার দায়িত্বে আছেন তিনি।

“ভেতর থেকে নার্স আমাকে ডেকেছিল তাই আমি যেতে চেয়েছিলাম। আমি ওই ওয়ার্ডে প্রবেশ করতে গেলে সেখানে থাকা আনসার আমাকে বাধা দেয়। ধাক্কা দিয়ে বের করে দেয়।

“এর কিছুক্ষণ পর এক নার্স গেইটে রুবেলের লোককে খোঁজ করেন, পরে আমি যাই। তখন ওই আনসার সদস্যসহ আরও কয়েকজন আমাকে এলোপাতাড়ি মারধর করেন।”

অপরদিকে আহত আনসার সাইফুল বলেন, “তিনি (মাহাবুব) জোর করে পরিচয় না দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলে আমি বাধা দেই। এতে তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে গায়ে হাত তোলেন, পরে ভিতর থেকে যখন রুবেলের লোক খোঁজ করেন তখন আমিই তাকে ডাকি, তিনি এসে আমাকে বকাঝকা করেন। আমি প্রতিবাদ করতে গেলে সে আবার আমাকে মারধর করেন।”

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দুজনের মধ্যে একদফা তর্কাতর্কি ও ধাক্কাধাক্কি হয়। দ্বিতীয় দফায় যখন তর্কাতর্কি হয় তখন আরও কিছু আনসার সদস্য এসে পুলিশ সদস্যকে মারধর করেন।