রোহিঙ্গা সঙ্কট অবসানে আন্তর্জাতিক পদক্ষেপ ‘দ্রুত প্রয়োজন’
রোহিঙ্গা সমস্যা সমাধানে ‘দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ’ নেওয়া প্রয়োজন বলে মনে করছে দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের আইন প্রণেতাদের একটি প্রতিনিধি দল।
রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরুর আগে শনিবার তিন দিনের তথ্য অনুসন্ধান মিশনে বাংলাদেশ সফরে আসেন আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটসের (এপিএইচআর) প্রতিনিধিরা।
মঙ্গলবার কক্সবাজার এবং ঢাকায় তথ্য অনুসন্ধান মিশন শেষে সংস্থার প্রতিনিধিরা নিজ নিজ রাষ্ট্রের সরকারের কাছে রোহিঙ্গা সমস্যার আগাম সমাধানের লক্ষ্যে আহ্বান জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কুতুপালং এবং বালুখালীর শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলেন আসিয়ান দেশগুলোর এই আইনপ্রণেতারা।
বিজ্ঞপ্তিতে এপিএইচআরের চেয়ারপারসন চার্লস স্যান্টিয়াগোকে উদ্ধৃত করে বলা হয়, “একটি আঞ্চলিক জোট হিসেবে আসিয়ানের অবশ্যই উচিৎ রোহিঙ্গা সঙ্কট সমাধানে কাজ করা। আর এর প্রতিনিধি হিসেবে আমরা আমরা সরকারকে আহবান করছি এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য।”
থাইল্যান্ডের সাবেক এমপি রাচাডা ডিনাডিরেক বলেন, “বর্তমানে রোহিঙ্গা সঙ্কট পুরো এশিয়া অঞ্চলে প্রভাব ফেলছে, যার প্রেক্ষিতে আসিয়ানের দৃঢ় এবং একইসঙ্গে সকলের সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে গত বছরের ২৫ অগাস্টের পর ৬ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
এদের ফেরাতে মিয়ানমার সরকার বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও এখনও শুরু হয়নি প্রত্যাবাসন প্রক্রিয়া।
রাখাইনে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগে রোহিঙ্গাদের ফেরত পাঠানোয় আপত্তি জানিয়ে আসছে জাতিসংঘ কর্মকর্তাসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন।
