২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের খালাস দাবি আইনজীবীর

একুশে অগাস্টের গ্রেনেড হামলার ঘটনায় তারেক রহমানকে নির্দোষ দাবি করে যুক্তি উপস্থাপন শেষ করেছেন পলাতক এই আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এ কে এম আখতার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আদালত  প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 12:37 AM

Updated : 19 Aug 2022, 01:28 PM

মঙ্গলবার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের অস্থায়ী এজলাসে শুনানিতে এই আইনজীবী তারেককে খালাস দেওয়ার দাবিও জানান।

অ্যাডভোকেট আখতার বলেন, মামলার প্রথম তদন্তে গ্রেনেড হামলার ষড়যন্ত্র, গ্রেনেডের উৎস, সংরক্ষণ, সরবরাহে তারেক রহমানের নাম আসে নাই। পরে অধিকতর তদন্তে তার নাম আসে মুফতি হান্নানের দ্বিতীয় বারের ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে। অথচ  প্রথম অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষের ৪০৮ সাক্ষীর কেউ  তারেকের সম্পৃক্ততার কথা বলেননি।

মুফতি হান্নানের জবানবন্দি জোর করে নেওয়া হয়েছিল বলে দাবি করেন এই আইনজীবী।

তিনি বলেন, “শেষ তদন্ত কর্মকর্তা হাওয়া ভবনের মানচিত্রের আশে পাশের বাড়ির কোনো লোককে সাক্ষী করেননি, এটি তদন্তে সন্দেহের উদ্রেক করে। আর তাছাড়া হাওয়া ভবনে তারেক রহমানের কোন কার্যালয় ছিল না। অথচ শেষ তদন্তে তারেকের কার্যালয় হিসাবে হাওয়া ভবনকে দেখানো হয়েছে।”

খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বিএনপি এবং চারদলীয় জোট সরকারের কোনো দায়িত্বশীল পদে তখন ছিলেন না বলেও উল্লেখ করেন অ্যাডভোকেট আখতার।

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে যুক্তিতর্ক পেশ শেষ হওয়ার পর আসামি হাফেজ মাওলানা ইয়াহিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আইনজীবী মো. মাঈনুদ্দিন মিয়া। তার আংশিক যুক্তি উপস্থাপন শেষ হওয়ার পর বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।

তারেক রহমানের নির্দোষিতার পক্ষে যুক্তি উপস্থাপন শেষে এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান সাংবাদিকদের বলেন, “গ্রেনেড হামলার ষড়যন্ত্রের সঙ্গে তারেক রহমান যে জড়িত, রাষ্ট্রপক্ষ তা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ আসামির বিরুদ্ধে ২৭ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

Image
তারেক রহমান আছেন লন্ডনে

তারেক রহমান আছেন লন্ডনে

তারেক রহমান তার মায়ের তৎকালীন রাজনৈতিক কার্যালয় বনানীর হাওয়া ভবনে ষড়যন্ত্র  বৈঠক করেছেন, তাও প্রমাণিত হয়েছে বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি।

তিনি বলেন, “এ মামলায় কাউকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়নি।”

যুক্তিতর্ক শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করেছিল, তারেক রহমানের উপস্থিতিতে হাওয়া ভবনে বসে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার পরিকল্পনা হয়েছিল।

আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার ওই সমাবেশে হামলা চালানো হয়েছিল বলে রাষ্ট্রপক্ষের দাবি।

হামলার সময় ২০০৪ সালে ক্ষমতায় ছিল বিএনপি-জামায়াত জোট সরকার। তখন এই হামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা চেষ্টা হয়েছিল বলে পরে উদ্ঘাটিত হয়।

খালেদা জিয়ার সরকার যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালে এই মামলার অভিযোগপত্র দেয় সিআইডি। তাতে খালেদা সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ২২ জনকে আসামি করা হয়।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর অধিকতর তদন্তে আসামির তালিকায় যোগ হয় খালেদার ছেলে তারেক, তার সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৩০ জন।

জামিনে ও কারাগারে থাকা ৩১ আসামির আত্মপক্ষ শুনানি হয়। তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ২৩ আসামি কারাগারে রয়েছেন।

খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার প্রথম দিককার তিন তদন্ত কর্মকর্তা সুপার রুহুল আমিন, মুন্সি আতিকুর রহমান ও আব্দুর রশীদ এবং সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।

তারেক রহমান, সাবেক বিএনপি এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জন আসামি পলাতক।

মোট ৫২ আসামির মধ্যে জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নান এবং সাবেক মন্ত্রী আলী আহসান মো. মুজাহিদের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

রাষ্ট্রপক্ষে মোট ৫১১ জন সাক্ষীর মধ্যে ২২৫ জনের সাক্ষ্য নেওয়া হয় মামলা দুটিতে।

পুরনো খবর:

২১ অগাস্ট মামলায় তারেকের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু