২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থান কর্মসূচি

চাকরি জাতীয়করণের দাবিতে সারা দেশে আন্দোলনে নেমেছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদের স্বাস্থ্যকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 07:40 PM

Updated : 08 Apr 2022, 05:47 PM

এর অংশ হিসেবে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশন মঙ্গলবার জেলায় জেলায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।

এ সংগঠনের ঢাকা শাখার সভাপতি পীযূষ কান্তি রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার আজিমপুরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

তিনি বলেন, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত কমিউনিটি হেলথ প্রকল্পের আওতায় সিএইচসিপি নিয়োগের বিধান ছিল। কিন্তু নিয়োগ শুরু হয় ২০১১ সালে।

“২০১৩ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে চাকরি জাতীয়করণের কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। এরপর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে হাই কোর্টে রিট করা হয় এবং চাকরি জাতীয়করণের পক্ষে রায় আসে। কিন্তু তাতেও কাজ হয়নি।”

পীযূষ জানান, গত ১৮ জানুয়ারি অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত তিন দিন দেশের উপজেলা শহরগুলোতে অবস্থান কর্মসূটি পালন করেছেন তারা। আর মঙ্গলবার জেলা শহরগুলোতে হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি।

সরকার ২৬ জানুয়ারির মধ্যে দাবি পূরণের ব্যবস্থা না নিলে ২৭ জানুয়ারি থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান এবং ১ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনের কর্মসূচি রয়েছে বলে জানান তিনি।