২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে

গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার আগের বছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক ৯৭ শতাংশ পয়েন্ট বেড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2018, 05:38 PM

Updated : 08 Apr 2022, 05:47 PM

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০১৬ ও ২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হারের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

পরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম জানান, গত অক্টোবর থেকে ডিসেম্বর মাসে আটটি মন্ত্রিসভা বৈঠকে ৬৮টি সিদ্ধান্ত হয়। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৫৩টির, ১৫টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৭ দশমিক ৯৪ শতাংশ।

২০১৬ সালের একই সময়ে ১০টি মন্ত্রিসভা বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, ওই সময়ে সিদ্ধান্ত হয় ১১৬টি, যার মধ্যে বাস্তবায়িত হয়েছে ৮০টি। আর ৩৬টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন ছিল। বাস্তবায়নের হার ছিল ৬৮ দশমিক ৯৭ শতাংশ।

সচিব জিয়াউল জানান, গত অক্টোবর থেকে ডিসেম্বর মাসে মন্ত্রিসভা বৈঠকে আটটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয়েছে। আর সংসদে পাস হয়েছে তিনটি আইন।

২০১৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে মন্ত্রিসভা বৈঠকে আটটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) এবং পাঁচটি নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয়েছিল। ওই সময়ে সংসদে ১১টি আইন পাস হয়।