শিল্পকলায় পিঠা উৎসবের আয়োজন
‘জাতীয় পিঠা উৎসব পরিষদের’ আয়োজনে মঙ্গলবার থেকে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হচ্ছে একাদশ ‘জাতীয় পিঠা উৎসব’।
রোববার একাডেমির জাতীয় নাট্যশালায় সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও চাষীর পৃষ্ঠপোষকতায় ৩১ জানুয়ারি পর্যন্ত নয় দিন ধরে চলবে এই উৎসব।
উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, নৃত্যগুরু আমানুল হক ও সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী।
প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিকেল ৪টায় পরিবেশিত হবে নাটক, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যজন ইনামুল হক, আতাউর রহমান, শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেইন চৌধুরী, জাতীয় পিঠা উৎসব পরিষদের সভাপতি ম হামিদ ও সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম।
