মুন সিনেমা হলের মালিক পাবেন ৯৯ কোটি টাকা
পুরান ঢাকার যে মুন সিনেমা হলের মালিকানা নিয়ে মামলার পর সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের রায় এসেছিল, সেই জমি এবং তার ওপর গড়ে তোলা বর্তমান স্থাপনার মূল্য ৯৯ কোটি ২১ লাখ টাকা নির্ধারণ করে তা মূল মালিককে পরিশোধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
আদালত বলেছে, মুন সিনেমা হলের মূল মালিক ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড কোম্পানিকে তিন কিস্তিতে এই টাকা পরিশোধ করবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট।
প্রথম কিস্তিতে দুই মাসের মধ্যে ২৫ কোটি টাকা, পরের দুই মাসের মধ্যে আরও ২৫ কোটি এবং বাকি টাকা আগামী ৩০ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে হবে বলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানিয়েছেন।
মাহবুবে আলমই রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন। আর ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক নেওয়াজ।
গত বছরের ১৫ জানুয়ারি মুন সিনেমা হলের জমি এবং তার ওপর গড়ে তোলা বর্তমান স্থাপনার মূল্য নির্ধারণের নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ।
সেই সঙ্গে একজন ‘অভিজ্ঞ ও নিরপেক্ষ’ প্রকৌশলীকে দিয়ে সিনেমা হলের জমি ও স্থাপনার মূল্য নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
তার ধারাবাহিকতায় মূল্য নির্ধারণ করে অধ্যাপক জামিলুর রেজা চৌধরীর দেওয়া প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হলে আদালত বৃহস্পতিবার মূল্য পরিশোধের এই আদেশ দিল।
পুরান ঢাকার ওয়াইজঘাটে এক সময়ের মুন সিনেমা হলের মূল মালিক ছিল ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড নামের একটি কোম্পানি। মুক্তিযুদ্ধের সময় ওই সম্পত্তি ‘পরিত্যক্ত’ ঘোষণা করা হয় এবং পরে শিল্প মন্ত্রণালয় ওই সম্পত্তি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে ন্যস্ত করে। ইতালিয়ান মার্বেলের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলম ওই সম্পত্তির মালিকানা দাবি করলেও বিষয়টি আটকে যায়।
১৯৭৭ সালে জিয়াউর রহমান একটি সামরিক ফরমান ঘোষণা করেন, যাতে বলা হয়, সরকার কোনো সম্পত্তিকে পরিত্যক্ত ঘোষণা করলে আদালতে তা চ্যালেঞ্জ করা যাবে না। মুন সিনেমা হলের সম্পত্তিও এর আওতায় পড়ে যায়।
ইতালিয়ান মার্বেল ওয়ার্কস এরপর ২০০০ সালে হাই কোর্টে একটি রিট আবেদন করে, যেখানে সংবিধানের ওই পঞ্চম সংশোধনী চ্যালেঞ্জ করা হয়। ২০০৫ সালের ২৯ আগস্ট হাই কোর্ট যে ঐতিহাসিক রায় দেয়, তাতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর খন্দকার মোশতাক, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, মেজর জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ সংবিধান-বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০১০ সালের ২ ফেব্রুয়ারি হাই কোর্টের রায় বহাল রাখে এবং ৯০ দিনের মধ্যে মুন সিনেমা হল ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডকে ফেরত দিতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টসহ সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়।
এরপর দীর্ঘ দিনেও মালিকানা ফিরে না পেয়ে ২০১২ সালের ১০ জানুয়ারি ইতালিয়ান মার্বেল কর্তৃপক্ষ তখনকার ভূমিসচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয় জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করে।
সেই অভিযোগের শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, ১৯৭২ সালে মুন সিনেমা হল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করা হয়। ২০০১ সালে প্রতীকী মূল্য ১ টাকা দরে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট তা হস্তান্তর করে ডেভেলপারদের কাছে। ডেভেলপাররা মূল সিনেমা হলটি ভেঙে বহুতল ভবন নির্মাণ করে এবং নিজেদের অংশ বর্তমান দোকান মালিকদের কাছে বিক্রি করে দেয়।
এ অবস্থায় মুন সিনেমা হল আগের অবস্থায় ফেরত দেওয়ার কোনো উপায় নেই জানিয়ে জমির মূল্য ও মুন সিনেমা হলের মূল কাঠামোর মূল্য ধরে এর মালিককে দেওয়া যেতে পারে বলে আদালতে মত দেন অ্যাটর্নি জেনারেল। ওই শুনানির পরই আপিল বিভাগ সিনেমা হলের জমি, স্থাপনার মূল্য নির্ধারণের নির্দেশ দেয়।
বৃহস্পতিবার আপিল বিভাগের আদেশের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, “আপিল বিভাগ জনাব জামিলুর রেজা চৌধুরীকে নিয়োগ দিয়েছিলেন মুন সিনেমা হল ও এর জায়গার মূল্য নির্ধারণের জন্য। তিনি তার রিপোর্টে ৯৯ কোটি ২১ লাখ টাকা নির্ধারণ করেছেন।”
মহবুবে আলম বলেন, “আজকের এই আদেশের ফলে হল মালিকদের ক্ষতিপূরণের দাবি অগ্রাহ্য হয়েছে এবং জামিলুর রেজা চৌধুরীর রিপোর্ট গৃহীত হয়েছে। সরকারকে বলা হয়েছে, ওই টাকা কিস্তিতে পরিশোধ করতে।”
আপিল বিভাগের এই আদেশ কার্যকর করার বিষয়ে সরকারকে অবহিত করা হবে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টেরই এই টাকা দেওয়ার কথা, যেহেতু তারাই বেনিফিশিয়ারি। যদিও কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়েছে, এত টাকা দিতে তারা অপারগ। এখন এটা সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হবে।”
