মুক্তিযোদ্ধা বিবেচনার বয়স কমল
একাত্তরের ৩০ নভেম্বর পর্যন্ত যাদের বয়স কমপক্ষে সাড়ে ১২ বছর ছিল, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনায় নেবে সরকার।
মুক্তিযোদ্ধা বিবেচনার বয়স পুনর্নির্ধারণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বুধবার পরিপত্র জারি করেছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, “পরিপত্র অনুযায়ী এখন থেকে মুক্তিযোদ্ধা বিবেচনার বয়স ৩০ নভেম্বর ১৯৭১ খ্রিস্টাব্দে কমপক্ষে ১২ বছর ৬ মাস হতে হবে।”
মুক্তিযুদ্ধকালীন ১৩ বছর বয়সের নিচের কেউ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবে না জানিয়ে এর আগে পরিপত্র জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
ওই আদেশে বলা হয়েছিল, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ওই বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত যেসব ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন।
“মুক্তিযোদ্ধা হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার বয়স ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখে ন্যূনতম ১৩ বছর হতে হবে।”
