প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার নতুন দূতের সাক্ষাৎ
বাংলাদেশে কানাডার নতুন রাষ্ট্রদূত বেনোয়া প্রেফন্তে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।
রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে দেখা করেন কানাডার দূত।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সাক্ষাতকালে বাংলাদেশে কানাডার বিনিয়োগের আহবান জানান শেখ হাসিনা।
অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশে আরো বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বিদেশি বিনিয়োগের জন্য ১০০ অর্থনেতিক অঞ্চল প্রতিষ্ঠার কথাও বলেন।
বেনোয়া প্রেফন্তে জানান, কানাডার পররাষ্ট্রমন্ত্রী অচিরেই বাংলাদেশের সফরে আসবেন।
নিজ দেশে নিপীড়নের মুখে বাংলাদেশে চলে আসা মিয়ানমারের রোহিঙ্গাদের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন কানাডার রাষ্ট্রদূত।
মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার কথা উল্লেখ করে তাদের মিয়ানমারে ফিরিয়ে দিতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশে দায়িত্ব পালনকালে নিজের ভূমিকা রাখার কথাও বলেন কানাডার রাষ্ট্রদূত।
সাক্ষাতকালে মুখ্য সচিব নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
