ইজতেমায় পেছাল রেইনট্রি ধর্ষণ মামলার শুনানি
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারণে আসামিদের আদালতে আনা না যাওয়ায় পিছিয়েছে ঢাকার বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলার শুনানি।
ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাটিতে রোববার বাদীর অবশিষ্ট জেরার দিন ধার্য ছিল।
কিন্তু কারাগার থেকে আসামিদের হাজির না আনায় বিচারক মো. সফিউল আজম শুনানি আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেন।
এই মামলার পাঁচ আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেত, তার বন্ধু নাইম আশরাফ (হালিম) ও সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী এবং গাড়িচালক বিল্লাল হোসেন কারাগারে রয়েছেন।
আদালত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের কারণে গাড়ি চলাচল বন্ধ থাকায় কাশিমপুর কারাগার থেকে আসামিদের আনা যায়নি।
সাফাতের জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে রেইনট্রি হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ গত মে মাসে ওঠার পর ব্যাপক তোলপাড় উঠেছিল দেশে।
ঘটনার এক মাস পর মামলা হলে পুলিশ ত্বরিত পাঁচ আসামিকে গ্রেপ্তার করে। তারপর এক মাসের মধ্যে আদালতে অভিযোগপত্র দেন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক ইসমত আরা এমি।
এরপর ১৩ জুলাই পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর শুরু হয় বিচার।
অভিযোগপত্রে সাফাত ও নাঈমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তাতে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে বাকি তিনজনের বিরুদ্ধে।
রহমত আলী ছাড়া অন্য চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
