ব্যাংকে নিয়োগ: গণ্ডগোলের পর এক কেন্দ্রে পরীক্ষার নতুন তারিখ
রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষায় ঢাকার একটি কেন্দ্রের সাড়ে পাঁচ হাজারের বেশি চাকরিপ্রার্থী আসন স্বল্পতার কারণে পরীক্ষা দিতে না পারায় গণ্ডগোলের পর তাদের জন্য পরীক্ষার নতুন তারিখ ঠিক করেছে কর্তৃপক্ষ।
ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির সদস্য সচিব বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরপুর শাহ আলী মহিলা কলেজ কেন্দ্রের চার হাজার ৬০০ চাকরিপ্রত্যাশী পরীক্ষা দিতে পারেননি।
উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা একই কেন্দ্রে তাদের পরীক্ষা নেওয়া হবে। এই সিদ্ধান্ত অন্য কেন্দ্রের পরীক্ষার্থীদের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।”
ব্যবস্থাপনার ত্রুটিতে আসন সঙ্কটের কারণে এ জটিতার সৃষ্টি হয় জানিয়ে তিনি বলেন, “২০ তারিখ আমি নিজে উপস্থিত থেকে সব দিক তদারকি করব।”
রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকে সিনিয়র অফিসার, অফিসার ও ক্যাশ অফিসার পদে নিয়োগের এই সমন্বিত নিয়োগ পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগকে।
এক রিট আবেদনে এ পরীক্ষা হওয়া নিয়ে সংশয় তৈরি হলেও শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের আদেশে এই নিয়োগ পরীক্ষার পথ তৈরি হয় বৃহস্পতিবার। আগের ঘোষণা অনুযায়ী রাজধানীর ৬১টি কেন্দ্র শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়।
এক ঘণ্টায় ১০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রবেশপত্র সংগ্রহকারী দুই লাখ ১৩ হাজার ৫২৫ জন পরীক্ষার্থীর মধ্যে থেকে আটটি ব্যাংকের মোট এক হাজার ৬৬৫টি শূন্য পদে কর্মকর্তা নিয়োগ হওয়ার কথা।
কিন্তু বিকালে পরীক্ষা চলার মধ্যেই মিরপুরে শাহ আলী মহিলা কলেজ কেন্দ্রে ঝামেলা হওয়ার খবর আসে। বসার ব্যবস্থা নিয়ে অসন্তোষ জানিয়ে পরীক্ষা না দিয়েই বেরিয়ে যান চাকরিপ্রত্যাশিরা। কলেজের বাইরে বিক্ষোভ ও ভাংচুরেরও খবর পাওয়া যায়।
মিরপুরের একাধিক কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছায় নির্ধারিত সময়ের অনেক পরে; প্রশ্নপত্রে গরমিল থাকার অভিযোগও করেছেন কেউ কেউ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই নিয়োগ পরীক্ষায় তার বোনের সিট পরেছিল মিরপুর শাহ আলী মহিলা কলেজ কেন্দ্রে। বোনকে নিয়ে তিনি নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছেছিলেন। কিন্তু গণ্ডগোলের মধ্যে ওই কেন্দ্রে আর পরীক্ষাই হয়নি।
“এক বেঞ্চে ৮-১০ জন বসিয়েছে, এতে সবাই ক্ষুব্ধ হয়ে বেরিয়ে আসে। অনেকে ওএমআর শিট নিয়েই ফিরে গেছে। এই কেন্দ্রের কেউই পরীক্ষা দিতে পারেনি।”
পরীক্ষায় অংশ নিতে না পেরে প্রার্থীরা ওই কলেজের সামনের সড়কে বিক্ষোভ করেন বলে জানান আসাদুজ্জামান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা লিটন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কক্ষে পরীক্ষার ২০ মিনিট পরে প্রশ্নপত্র আসে। সেখানে ৮০ জনের বসার ব্যবস্থা থাকলেও ২০০ জনের আসন বিন্যাস করে রেখেছে।”
তিনি জানান, এই পরিস্থিতিতে অনেকেই কলেজের মাঠে নেমে এসে ঢিল ছুড়তে শুরু করে এবং ভাংচুর চালায়। পরে পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয়। পরে পরীক্ষকদের একজন এসে ঘোষণা দেন এ কেন্দ্রের পরীক্ষা বাতিল হবে।
শাহ আলী থানার ওসি মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জায়গা না হওয়ায় ওই কেন্দ্রের ভেতরে ঝামেলা হয়েছে বলে আমরা শুনেছি।”
মিরপুর কলেজ কেন্দ্রে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া তরুণ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশ্নপত্র সময়মত না আসায় তাদের কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় ৪টা থেকে ৫টা পর্যন্ত।
“পরীক্ষার নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরে রিক্সায় করে প্রশ্ন নিয়ে আসা হয়। পরে কক্ষে কক্ষে দিতে আরও দেরি হয়। তাছাড়া পরীক্ষা দিতে হয়েছে এক বেঞ্চে বসে গাদাগাদি করে। প্রশ্নপত্রেও গরমিল ছিল।”
উদ্ভূত পরিস্থিতিতে সাড়ে পাঁচ হাজার পরীক্ষার্থীর কী হবে- সেই সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি। পরে দুই কেন্দ্রে পরীক্ষার নতুন তারিখ ঠিক করার কথা জানান মোশাররফ হোসেন খান।
আসন নিয়ে এ সমস্যা কেন হল, সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
