‘প্রধানমন্ত্রী হয়ে কপাল পুড়েছে’
টানা নয় বছর ধরে সরকারপ্রধানের দায়িত্ব পালন করতে গিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে জীবনের স্বাভাবিক ছন্দ না থাকায় আক্ষেপ ঝরেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে।
গণভবনে বৃহস্পতিবার উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠনে চাঁদপুর জেলায় ভিডিও কনফারেন্সে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী হাসতে হাসতে শোনান সেই আক্ষেপের কথা।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নিজের অনেক ইচ্ছাকেও জলাঞ্জলি দিতে হয়েছে বঙ্গবন্ধু কন্যাকে। আগে সড়ক পথে বিভিন্ন জেলায় সফরে গেলেও এখন অধিকাংশ সময়েই তাকে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে।
শেখ হাসিনা বলেন, “প্রধানমন্ত্রী হয়ে তো কপাল পুড়ে গেছে। আগে যে রাস্তায় যেতাম, তাও নাই, আবার আকাশ দিয়ে উড়ে যেতে হয়।আকাশ দিয়ে উড়ে যাওয়ার ফলে রাস্তার মজাটাই পাওয়া যাচ্ছে না।এটাই হল দুর্ভাগ্য।”
বিভিন্ন সময় যাত্রাপথে ফেরি কিংবা লঞ্চঘাটে মিষ্টি, পেঁয়াজুর মতো মুখরোচক খাবারের কথাও বলেন সরকারপ্রধান।
তিনি বলেন, “প্রত্যেক ফেরি ঘাটে থেমে থেমে সেখানে কোন ফেরি ঘাটে কোন মিষ্টি ভালো, কোন খাবারটা ভালো, কোথাকার কোন পেঁয়াজুটা ভালো, সে খবর পেতাম। এখন সেটা আর কপালে হয় না।সেটাই হল দুর্ভাগ্য”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় দেশের বাইরে থাকায় বেঁচে গিয়েছিলেন দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা।
ছয় বছর প্রবাসে থাকার পর প্রতিকূল অবস্থার মধ্যে ১৯৮১ সালে দেশে ফিরে বাবার দল আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। তারপর এখন তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।
