শুনানি পিছিয়েছে: ভ্রাম্যমাণ আদালত আপাতত চলবে
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত আইনের ১৪টি ধারা ও উপধারা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের আবেদনের শুনানি পিছিয়েছে।
আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির জন্য দিন রেখেছে আপিল বিভাগ। একইসঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাজু সাংবাদিকদের বলেন, “ভ্রাম্যমাণ আদালতের পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম দেশের বাইরে না থাকায় সময় আবেদনের প্রেক্ষিতে শুনানির দিন পেছানো হয়েছে “
রিট আবেদনকারী পক্ষের আইনজীবী হাসান আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিভ টুআপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত চলবে। আদালতের নিজস্ব পর্যবেক্ষণ থেকেই এ আদেশ দিয়েছে।”
এর আগে গত ৩ জানুয়ারি লিভ টু আপিলের শুনানি নিয়ে মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি রেখেছিল আপিল বিভাগ।
