বেসিকের বাচ্চুকে তৃতীয় দফায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ
সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি নিয়ে অভিযোগের মুখে থাকা বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে তৃতীয় দফায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
তাকে সোমবার দুপুর সোয়া ২টা থেকে পৌনে ৫টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও জায়েদ হোসেন খানের নেতৃত্বে বিভিন্ন মামলার সাত তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির সাবেক এই চেয়ারম্যানকে।
দুদক থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা প্রশ্ন করলেও মুখ খোলেননি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য বাচ্চু।
প্রথম দিন জিজ্ঞাসাবাদের পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, ঋণে অনিয়মের ঘটনায় নিজেকে দোষী মনে করেন না তিনি।
বাচ্চুকে ২০০৯ সালে বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছিল সরকার। ঋণ কেলেঙ্কারির অভিযোগ উঠলে ২০১৪ সালে চাপের মুখে তিনি পদত্যাগ করেন।
বাচ্চু চেয়ারম্যান থাকাকালেই রাষ্ট্রায়ত্ত ব্যাংটির ঋণ বিতরণে অনিয়মের ঘটনাগুলো ঘটে, পরে দুদক ৫৬টি মামলা করে।
কিন্তু একটি মামলাতেও বাচ্চু কিংবা পরিচালনা পর্ষদের কোনো সদস্যকে আসামি না করায় উষ্মা প্রকাশ করে সর্বোচ্চ আদালত।
ব্যক্তি যেই হোক না কেন- এ ধরনের মামলায় আসামি করার ক্ষেত্রে ‘পিক অ্যান্ড চুজ’ যেন না হয় সে বিষয়ে দুদককে সতর্কও করা হয়।
জিজ্ঞাসাবাদের প্রথম দিনে দুদক কার্যালয়ে আব্দুল হাই বাচ্চু (ফাইল ছবি)
সুপ্রিম কোর্টের কয়েক দফা পর্যবেক্ষণ আসার পর বাচ্চুকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেয় দুদক।
গত ৪ ডিসেম্বর প্রথম দুদকে হাজির হন বাচ্চু। একদিন বিরতি দিয়ে ৬ ডিসেম্বর প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি।
দুই দিনে ৫৬টি মামলার মধ্যে ১৫টির বিষয়ে দুদকের তদন্ত কর্মকর্তারা বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করেন।
এরপর তৃতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য গত ১৭ ডিসেম্বর বাচ্চুকে ডাকা হলেও ‘অসুস্থতার’ কারণ দেখিয়ে দুদকের কাছে এক মাস সময় চান তিনি।
কিন্তু অসুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করে দুদক তার সেই আবেদন প্রত্যাখ্যান করে। এরপর সোমবার দুদকের তলবে সাড়া দেন তিনি।
২০০৯ সাল থেকে ২০১২ সালের মধ্যে বেসিক ব্যাংকের গুলশান, দিলকুশা ও শান্তিনগর শাখা থেকে মোট সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ অনিয়মের মাধ্যমে বিতরণের অভিযোগ ওঠার পর তার তদন্তে নামে দুদক।
