আপন মালিক তিন ভাইয়ের জামিন আপিলে বহাল
মুদ্রা পাচারের এক মামলায় আপন জুয়েলার্সের মালিক তিন ভাইকে হাই কোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
এর ফলে গুলজার আহমেদ ও আজাদ আহমেদের মুক্তিতে বাধা না থাকলেও আরও দুটি মামলা থাকায় বনানী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদের আপাতত মুক্তি মিলছে না বলে আইনজীবীরা জানিয়েছেন।
ওই তিনজনকে হাই কোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে আপিলের আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।অস্থায়ী প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের বেঞ্চ সোমবার তা খারিজ করে দিলে জামিন বহাল থাকে।
আদালতে আপন জুয়েলার্সের মালিকদের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
মোতাহার হোসেন সাজু পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ওই তিন ভাইয়ের বিরুদ্ধে রাজধানীর গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় মোট পাঁচটি মামলা করেছিল। এর মধ্যে গুলশান থানায় দুটি মামলা করা হয়েছে গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে।
“ওই দুটি মামলায় তাদের জামিন বহাল রয়েছে। ফলে এ দুজনের মুক্তিতে বাধা নেই।”
আর দিলদার আহমেদের বিরুদ্ধে ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় তিনটি মামলা রয়েছে। এর মধ্যে রমনা থানার মামলায় হাই কোর্টের দেওয়া জামিন আপিল বহাল থাকলেও বাকি দুই মামলায় জামিন শুনানি এক মাসের জন্য মুলতবি থাকায় আপাতত তার মুক্তি হচ্ছে না বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
বনানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের নামে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গত মে মাসে গ্রেপ্তার হন আপন জুয়েলার্সের মালিক দিলদারের ছেলে সাফাত আহমেদ।
ওই ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হলে আপন জুয়েলার্সের ‘অবৈধ লেনদেন’ এর খোঁজে তদন্তে নামে শুল্ক গোয়েন্দা বিভাগ।
এরপর মে মাসের শেষ দিকে আপন জুয়েলার্সের বিভিন্ন বিক্রয় কেন্দ্র থেকে ১৫ দশমিক ৩ মণ সোনা এবং ৭ হাজার ৩৬৯ টি হীরার অলঙ্কার জব্দ করে তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়।
এ বিষয়ে অনুসন্ধান শেষে গত ১২ আগস্ট আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করা হয়।
দুই মামলায় গত ২২ আগস্ট তিন ভাই হাই কোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। এরপর বিচারিক আদালতে হাজিরা না দেওয়ায় গত ২৩ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
পরদিন আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠায় আদালত। এর বিরুদ্ধে হাই কোর্টে পাঁচ মামলায় জামিন আবেদন করেন আপন জুয়েলার্সের মালিক তিন ভাই।
প্রাথমিক শুনানি নিয়ে ২২ নভেম্বর আপন জুয়েলার্সের মালিকদের কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছিল হাই কোর্ট। তারপর গত ১৪ ডিসেম্বর হাই কোর্ট তিন ভাইকে তিন মামলায় জামিন দেয়।
রাষ্ট্রপক্ষ হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ায় ওই জামিন এতদিন স্থগিত ছিল। সোমবার আপিল বিভাগের আদেশের পর তিন ভাইয়ের মধ্যে দুইজনের মুক্তির বাধা কাটল।
