বাস্তবতা-পরাবাস্তবতায় বাংলা ও বাঙালির গল্প
সাধারণ ও তুচ্ছ আকার ও রেখা নিয়ে পট নির্মাণ করেন শিল্পী মনসুর উল করিম; পরে চিত্রকলায় নিজস্ব ভাষা আর রঙের মিশেলে বাস্তবতা ও পরাবাস্তবতায় সেই পটে প্রকৃতি ও মানুষের ভালোবাসার আত্মিক সম্পর্ক এঁকে চলেন তিনি।
কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো রাজনীতির জটিল ঘুর্ণাবর্ত আর সামাজিক পটপরিবর্তন, কখনো মুক্তিযুদ্ধের বেদনাবিধুর নানা প্রেক্ষাপট মূর্ত ও বিমূর্ত হয়ে উঠে তার ক্যানভাসে। পটের দ্বিমাত্রিকতায় প্রকৃতি ও মানুষের সহজাত সহাবস্থানের গল্প বলতে গিয়ে শিল্পী বলেছেন বাংলার মাটি-মানুষের নিত্যকার গল্প।
তার আঁকা এসব ছবি নিয়ে শনিবার সন্ধ্যায় রাজধানীর গ্যালারি চিত্রকে শুরু হয়েছে ‘কনভারসেশন উইথ সয়েল’ শিরোনামের একক চিত্রকর্ম প্রদর্শনী।
প্রদর্শনীর উদ্বোধন করেন প্রবীণ চিত্রশিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিল্প সংগ্রাহক মো. আব্দুর রহিম। উদ্বোধনী অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও স্থপতি রবিউল হুসাইন।
প্রদর্শনীতে শিল্পীর আঁকা ৫০টি শিল্পকর্ম স্থান পেয়েছে।
চিত্রকলায় প্রাকৃতিক ফর্মকে প্রাধান্য দেওয়া শিল্পী মনসুর উল করিম বলেন, “বাস্তবতা. অভিজ্ঞতা, বাহ্যিক দৃষ্টিভঙ্গি এবং অন্তর্নিহিত ভাবের সংমিশ্রণ করে ছবি আঁকার চেষ্টা করি। এই বাস্তবতা যেভাবে আমাদের মনে উপস্থিত হয় তা অ্যাবস্ট্রাক্ট বা অবাস্তব; কিংবা বলা যায় নিজস্ব চিন্তার ফসল।”
আকার, আকৃতি, গঠন, বর্ণ-সবই নিজস্ব গঠনে নানা আকার দেওয়া ছবিগুলো নিয়ে তিনি বলেন, “পটের দ্বিমাত্রিকতা এমন মাত্রা তৈরি করে যা নিজস্ব কাঠামো নিয়ে এক নতুন জগৎ সৃষ্টি করে। বাস্তব প্রকৃতি এবং চিত্রের প্রকৃতির মাঝে ভিন্নতা এখানেই। ছবি আঁকা শুধু কতগুলো রেখা আর কিছু রঙ লাগিয়ে বা কতগুলো ফর্ম তৈরি করলেই হয় না। ছবির পূর্ণতা পায় তখনই যখন তার গভীরে সংবেদনশীলতা এবং ঐতিহাসিকতা থাকে।”
মনসুর উল করিমের ছবিতে উঠে এসেছে বাংলার চিরায়ত লোকজ ধারা। ফোক মোটিফের এসব ছবিতে মানব-মানবীর প্রেম যেমন উঠে এসেছে, তেমনিভাবে নারীর বহুমাত্রিক অভিব্যক্তিও উঠে এসেছে প্রদর্শনীর ছবিগুলোতে। মাতৃত্বের প্রকাশ, বাউলের গানের অদ্ভুত চিত্রায়নের পাশাপাশি মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদও ধ্বনিত হয়েছে এসব ছবিতে।
নিজের শিল্পকর্ম নিয়ে মনসুর উল করিম বলেন, “আমার ধারণায় মানুষের মননশীল চিন্তায় সবসময় বাস্তববাদ, প্রকাশবাদ, অভিব্যক্তিবাদ, গঠনবাদ, পরাবাস্তববাদ এমনভাবে জড়িত যে এগুলোর কোনোটি অবহেলা করা আমার পক্ষে সম্ভব নয়। ছবি আঁকার এই বোধগুলো আমি উপেক্ষা করতে পারি না।”
৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীর দুয়ার খোলা থাকবে।
