আলোকচিত্রে জীবন জীবিকার গল্প
বৈচিত্র্য অনুসন্ধানী একদল তরুণ আলোকচিত্রীর ক্যামেরায় উঠে এসেছে বাংলার প্রত্যন্ত এলাকার জীবন-জীবিকা আর মানবতার গল্প।
এমনই সব ছবি নিয়ে রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে ‘থাউজেন্ড স্টোরিজ সিজন-২’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী।
ফেসবুকভিত্তিক গ্রুপ ‘ছবি’র আয়োজনে এই প্রদর্শনীতে বাংলাদেশের নানা অঞ্চলের মানুষের জীবন, জীবিকার পাশাপাশি সংগ্রামমুখর জীবনের কথা তুলে ধরা হয়েছে। সৃজনশীল আলোকচিত্রীদের ফ্রেমবন্দি হয়েছে মানবতার বিচিত্রি গল্প।
এবারের আসরে মোট ১৫০টি বাঁছাই করা ছবি প্রদর্শিত হয়েছে। এখান থেকে তিনটি ছবির আলোকচিত্রীকে দেওয়া হয়েছে শীর্ষ তিনটি পুরস্কার। প্রথম পুরস্কার একটি ডিএসএলআর ক্যামেরা পেয়েছেন রজিবুল ইসলাম। দ্বিতীয় পুরস্কার হিসেবে ইসমাইল খান নাঈম পেয়েছেন একটি ৫০ এমএম প্রাইম লেন্স, আর হিমেল নবী তৃতীয় পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ১৮-৫৫ লেন্স ক্যামেরা।
বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রদর্শনী চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাট ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
