ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে মিলনমেলা
‘সৌহার্দ্য ও স্মৃতির বন্ধনে আবদ্ধ আমরা, এসো মিলি প্রাণের আনন্দে’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেলে দর্শন বিভাগের বর্তমান-প্রাক্তনদের মিলনমেলা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অ্যালামনাই আসোসিয়েশনের পুনর্মিলনীতে যোগ দিতে শুক্রবার সকাল থেকেই টিএসসিতে সমবেত হতে থাকেন বিভাগটির শিক্ষার্থীরা।
দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, “এ বিভাগের ঐতিহ্য স্বতন্ত্র। কারণ এই বিভাগটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই ছিল। দর্শনের বৈশিষ্ঠ্য হলো ঐক্য স্থাপন করা এবং সমাজের সব মানুষকে ধারণ করে সমাজ বিনির্মাণ করা। এই বিভাগ সেই ঐতিহ্য ধরে রেখেছেন।"
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “এটা ঠিক যে দর্শনের ছাত্র মানে দার্শনিক নয়৷ তবে একজন দর্শনের ছাত্র দর্শনকে যেভাবে বুঝে সেটা অন্যরা পারে না৷
“তারা দর্শন পড়ে যে আনন্দ পায় অন্যরা তা পায় না। দর্শন আছে বলে সাহিত্য সার্বজনীন। দর্শন যুক্তি মেনে চলে, যুক্তি ছাড়া এক পা এগোয় না।”
দর্শন বিভাগের চেয়ারম্যান ও দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. সাজাহান মিয়ার সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, অনুষ্ঠানের আহ্বায়ক বিভাগের অধ্যাপক হারুনুর রশীদ ও অধ্যাপক আমিনুল ইসলাম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন।
স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিয়াজী।
