২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরানের মামলা স্থগিত হয়েছে, জানা গেল এক মাস পর

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও সনাতন উল্লাসের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার কার্যক্রম হাই কোর্ট স্থগিত করে দিয়েছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 08:08 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

জামিনের ওই আদেশ গত ৩ ডিসেম্বর হলেও খবরটি সাংবাদিকরা জানতে পারেন বৃহস্পতিবার ওই মামলায় অভিযোগ গঠনের ধার্য দিনে।

ইমরানদের অন্যতম আইনজীবী জীবনানন্দ জয়ন্ত হাই কোর্টের ওই আদেশের একটি সত্যায়িত অনুলিপি এদিন ঢাকার এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলামের আদালতে জমা দেন।

সেখানে দেখা যায়, বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ একটি রুল জারি করেছে। মামলাটি কেন বাতিল করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে সেখানে। আর রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।  

অভিযোগ গঠনের শুনানিতে হাজির না হওয়ায় এ মামলায় ইমরানের বিরুদ্ধে দুইবার এবং সনাতন উল্লাসের বিরুদ্ধে একবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আাদালত। পরে তারা দুজনই আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

সনাতন উল্লাস বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন। ইমরান দেশের বাইরে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে গত ২৮ মে ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চের মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান উঠলে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী গত ৩১ মে এই মামলা দায়ের করেন।

আর্জিতে তিনি বলেন, সেই মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘যে কটূক্তি’ করা হয়েছে, তাতে বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি ক্ষুব্ধ, অপমানিত।

ওই মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ওঠার পর ইমরানকে পেটানোর হুমকিও দিয়েছিলেন ছাত্রলীগ নেতা রব্বানী। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন ছাত্রলীগ নেতার উদ্যোগে একটি মিছিল পরবর্তী সমাবেশ থেকে ইমরান এইচ সরকারকে শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরের কয়েক মাসে কয়েক দফা ইমরানের ওপর হামলার চেষ্টা হয়।

ইমরানের আইনজীবীরা বরাবরই বলে আসছেন, তিনি কখোনোই প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কটূক্তি করেননি।

পুরনো খবর:

আত্মসমর্পণ করে জামিন পেলেন ইমরান