৩৬তম বিসিএস: ফল স্থগিত থাকা ২০ জনকে নিয়োগ
ছত্রিশতম বিসিএসের স্থগিত থাকা ২০ জন প্রার্থীর ফল প্রকাশ করে তাদের বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
গত বছরের ১৭ অক্টোবর এই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে কমিশন। বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য দুই হাজার ৩২৩ জনকে সুপারিশ করা হয়।
তবে তথ্য বিভ্রাট এবং প্রশাসনিক কারণে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ২০ প্রার্থীর ফল সে সময় স্থগিত রাখে কমিশন।
পরে কমিশনের গঠিত কমিটির কাছে ওই প্রার্থীরা কাজগপত্র, সনদ, তথ্য-উপাত্ত দাখিল করেন। সেসব তথ্য ‘যথাযথ’ বিবেচিত হওয়ায় বৃহস্পতিবার তাদের নিয়োগের সুপারিশ করে পিএসসি।
এই ২০ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে আটজন, শিক্ষা ক্যাডারে পাঁচজন, পুলিশে তিনজন, স্বাস্থ্য ক্যাডারে দুইজন এবং কর ও তথ্যে একজন করে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
