২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে নথি না যাওয়ায় আটকে আসাদ নূরের জামিন আবেদন

মামলার নথিপত্র সাইবার ট্রাইব্যুনালে না পৌঁছানোয় কারাবন্দি ব্লগার আসাদুজ্জামান নূরের (২২) জামিন আবেদন করা যাচ্ছে না বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 07:25 PM

Updated : 19 Aug 2022, 01:20 PM

ফেইসবুকে ধর্ম নিয়ে ‘অশ্লীল ও মানহানিকর তথ্য প্রকাশের’ অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গত ২৫ ডিসেম্বর নূরকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।

বরগুনার আমতলী থানায় দায়ের করা মামলায় নূরকে গ্রেপ্তার করা হয়েছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। পরদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান বলে তার আইনজীবী পারভেজ হাসেম ও জীবনানন্দ চন্দ জয়ন্ত জানিয়েছেন।

পারাভেজ  মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিসেম্বরে এক মাসের অবকাশকালীন ছুটির পর ১ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম সব মামলার শুনানি নেওয়া শুরু করেন।

“কিন্তু ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের অনীহার কারণে মামলার খণ্ড নথি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে না পাঠানোয় তার জামিন শুনানি করা যাচ্ছে না। অথচ প্রত্যেক নাগরিকেরই আইন ও সংবিধান অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এএসএম মনিরুজ্জামান মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটি স্পর্শকাতর। আমাদের যাচাই-বাছাইয়ের দরকার। তাড়াতাড়িই মামলায় গ্রেপ্তার সংক্রান্ত ও হাকিম আদালতের কাগজ (খণ্ড নথি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে পাঠিয়ে দেব।”

বরগুনার আমতলী উপজেলার ইসলামিক আন্দোলনের সভাপতি মাওলানা মুফতী ওমর ফারুক গত বছর ৯ জানুয়ারি জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে লিমন ফকির (২৪) ও আসাদুজ্জামান নূরকে আসামি করে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭  ধারায় এই মামলা দায়েরের আবেদন জানান।

বড়গুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজয়ন্ত বিশ্বাস বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে আমতলী থানা কতৃর্পক্ষকে নির্দেশ দেন।

পুলিশ ওই আরজি এজাহার হিসাবে গ্রহণ করে নথিপত্র বরগুনার আদালতে পাঠিয়ে দেয়।

লিমন ফকিরকে গত বছরের ১৮ এপ্রিল গ্রেপ্তার করা হয়। রিমান্ডে জিজ্ঞসাবাদের পর তিনি গতবছরের ২ মে বরগুনায় একজন হাকিমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরে গত ১২ অগাস্ট তাদের দুইজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগপত্র দেন আমতলী থানার ওসি মো. সহিদউল্যাহ।

এরপর মামলাটির নথি সাইবার ট্রাইব্যুনাল বাংলাদেশ-এ বিচারের জন্য আনা হয়।

পলাতক আসামি আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে গত ২৯ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক।

মামলার তদন্তে ফরেনসিক পরীক্ষার প্রতিবেদনে অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে করেছেন আসাদ নূরের আইনজীবীরা।