২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকে এবি ব্যাংকের ৫ কর্মকর্তা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

বিদেশে অর্থ পাচারের অভিযোগে এবি ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 05:58 PM

Updated : 19 Aug 2022, 01:20 PM

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার তাদের জিজ্ঞাসাবাদ করেন বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

নোটিস পেয়ে সকালে দুদকে হাজির হন এবি ব্যাংকের হেড অব করপোরেট মাহফুজ উল ইসলাম, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) মোহাম্মদ লোকমান, ওবিইউর কর্মকর্তা মো. আরিফ নেয়াজ, কোম্পানি সচিব মাহদেব সরকার সুমন ও প্রধান কার্যালয়ের কর্মকর্তা এমএন আজিম।

জিজ্ঞাসাবাদ শেষে দুদক থেকে বেরিয়ে তারা সাংবাদিকদের সামনে মুখ খুলতে রাজি হননি।

গত ২৬ ডিসেম্বর সৈয়দ ইকবাল হোসেনের সই করা এক নোটিসে ওই পাঁচ কর্মকর্তাকে তলব করা হয়।

একই অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকটির পরিচালনা পর্ষদের ছয় সদস্যকে ৭ জানুয়ারি তলব করে সোমবার নোটিস দিয়েছে দুদক।

এই পরিচালকরা হলেন- শিশির রঞ্জন বোস, মেজবাহুল হক, ফাহিমুল হক, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, রুনা জাকিয়া ও মো. আনোয়ার জামিল সিদ্দিকী।

এছাড়া ব্যাংকটির গ্রাহক ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে ব্যবসায়ী সাইফুল হককে ৪ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

এর আগে অর্থ পাচারের ওই অভিযোগে গত ২৮ ডিসেম্বর ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

এরপর ৩১ ডিসেম্বর সাবেক এমডি শামীম আহমেদ চৌধুরী ও ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন অ্যান্ড ট্রেজারি শাখার প্রধান আবু হেনা মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদ করা হয়।

অর্থ পাচারের ঘটনায় ব্যাংকটির ঊর্ধ্বতন ১২ কর্মকর্তার বিদেশ ভ্রমণে দুদকের নিষেধাজ্ঞা রয়েছে।

দুদক জানিয়েছে, সিঙ্গাপুরভিত্তিক একটি অফশোর কোম্পানি খোলার নাম করে দুবাইয়ের পিজিএফ নামের একটি প্রতিষ্ঠানে ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুরনো খবর:

দুদকের জিজ্ঞাসাবাদে এবি ব্যাংকের ৫ কর্মকর্তা