২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য, খাদ্য, পরিবেশ মন্ত্রণালয়ে নতুন সচিব

জনপ্রশাসনের তিনজন অতিরিক্ত সচিবকে তথ্য, খাদ্য এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 12:40 PM

Updated : 19 Aug 2022, 06:17 PM

এছাড়া একজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের মর্যাদায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দিয়ে রোববার সকালে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদকে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। তথ্য সচিবের দায়িত্ব চালিয়ে আসা মরতুজা আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ সম্প্রতি শেষ হওয়ায় পদটি শূন্য ছিল।

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শাহাবুদ্দিন আহমেদ খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন। খাদ্য সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. কায়কোবাদ হোসেনের চাকরির মেয়াদও কিছু দিন আগে শেষ হয়।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মোসহিন চৌধুরীকে ওই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। তিনি পরিবেশ ও বন সচিব ইসতিয়াক আহমদের স্থলাভিষিক্ত হলেন। ইসতিয়াকের চাকরির মেয়াদ সম্প্রতি শেষ হয়।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আক্তার ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন।