২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুর তোলা ছবিতে শিশুদের জীবনচিত্র

যে বয়সে শিশুদের স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে তাদের কেউ কেউ ফুল বিক্রি কিংবা অন্যভাবে পরিবারের ব্যয় নির্বাহ করছে। আবার শিশুরা যেমন মুঠোফোনের মত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে, তেমনি উল্টোদিকে বাড়ছে ছিন্নমূল শিশুদের সংখ্যা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 09:35 PM

Updated : 11 Oct 2022, 02:53 PM

শিশুদের বহুমুখী জীবনচিত্রের এমন সব গল্প ধরা পড়েছে অন্য শিশুদের ক্যামেরায়, যা উঠে এসেছে ঢাকার এক আলোকচিত্র প্রদর্শনীতে।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা গ্যালারিতে শিশুদের তোলা আলোকচিত্র নিয়ে দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করে ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’।

প্রদর্শনীর ৭১টি ছবিতে শিশুদের বিচিত্র জীবনাচরণ ছাড়াও প্রকৃতি ও মানবিক সম্পর্কের নানা চিত্র ওঠে এসেছে।

এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, গোলাপ বিক্রি করলেও হতদরিদ্র এক শিশু হাসছেন প্রত্যয়দীপ্তভাবে। এছাড়াও পার্কে মাটিতে বসেই ছিন্নমূল শিশুদের পড়াশুনার চিত্র উঠে এসেছে অন্য আরেক ছবিতে।

বিপরীত দিকে শিশুদের ওপর প্রযুক্তির ক্রমবর্ধমান নেতিবাচক প্রভাবের চিত্রও দেখা যায়। বই রেখেই মুঠোফোনে শিশুর ব্যস্ত থাকার দৃশ্যও ওঠে এসেছে প্রদর্শনীতে।

আর মেয়ে শিশুর সাইকেল চালানোর দৃশ্য ধারণ সমাজের লিঙ্গভিত্তিক বৈষম্য কমে আসার বার্তা যেন তুলে ধরতে চেয়েছেন আরেক শিশু।

এর বাইরে শিশুদের পশুদের প্রতি ভালবাসা, প্রাকৃতিক পরিবেশে দুরন্তপনার চিরায়ত দৃশ্যও ফুটে ওঠেছে একাধিক ছবিতে। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, এক কিশোর একটি কুকুরকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে।

প্রদর্শনীতে আসা পুরান ঢাকার সৌরভ শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব শিশু সমান সুযোগ পেয়ে বেড়ে ওঠে না, ফলে তাদের জীবনে বৈচিত্র্য থাকে। তাদের প্রত্যেকের জীবনচিত্র আলাদা হয়, শিশুদের ছবিতে সেগুলো চূড়ান্ত বাস্তব হয়ে ওঠে এসেছে।”

এছাড়াও ‘দুটি ভিন্ন পুতুলের একই জীবন’ ও ‘শেষ বিদায়’ শিরোনামের আলোকচিত্র দুটি দর্শকের নজর কেড়েছে।

একটি মেয়ে বিয়ের পর তার মার কাছ থেকে বিদায় নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েছে- দেখা যায় ‘শেষ বিদায়’ ছবিটিতে।

প্রদর্শনীতে আসা ষাটোর্ধ্ব আখলিমা বেগম আলোকচিত্রটি দেখে নিজের সদ্য বিয়ে হওয়া নাতির কথা স্মরণ করেন।

তিনি বলেন, “প্রতিটি মেয়ের জীবনেই এ সময়টা আসে। আমার নাতিটার কথা মনে পড়ছে ছবিটা দেখে। ছোট্ট একটা শিশু কি নিখুঁতভাবে ছবিটি তুলেছে। শিশুদের তোলা সবগুলো ছবিই অসাধারণ লেগেছে।”

বৃহস্পতিবার বিকাল চারটায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ‘বায়োস্কোপ ২’ নামক এ আলোকচিত্র উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক সৈয়দ হাসান ইমাম এবং মুক্তিযোদ্ধা, লেখক ও সাংবাদিক হারুন হাবীব।

প্রদর্শনীটি ঘুরে দেখে হাসান ইমাম বলেন, “শিশুদের তোলা এতো সুন্দর ছবি দেখে আমি বিস্মিত। আমাদের সমাজের বিভিন্ন চিত্রগুলো তাদের চোখে নিপুণভাবে ফুটে উঠেছে। তাদের এসব কাজে সহায়তা করে সমাজ ও দেশ সম্পর্কে জানার সুযোগ করে দিতে হবে আমাদেরই।”

হারুন হাবীব শিশুদের এ ধরনের ছবি তোলার উৎসাহ দেন এবং এই শিশুদের হাতেই আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বায়োস্কোপ-২ উৎসবের পরিচালক মুইদ হাসান তড়িৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারা দেশ থেকে আসা তিন হাজার ছবি থেকে তাদের ক্ষুধে বিচারকরা এই প্রদর্শনীর ৭১টি ছবি বাছাই করেছে।

ঢাকা ছাড়াও একই সাথে টাঙ্গাইল, শেরপুর ও জামালপুর জেলায় অনুষ্ঠিত হচ্ছে বায়োস্কোপ-২ প্রদর্শনী।

বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা এবং শুক্রবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর‌্যন্ত এ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।