২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় এক রাতে ৫৬ ‘ছিনতাইকারী’ আটক

একের পর এক ছিনতাইয়ের ঘটনার মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক রাতে ৫৬ জন ছিনতাইকারীকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2017, 12:24 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

এই ৫৬ জনের মধ্যে ছয়জনকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন সাংবাদিকদের জানান, রাজধানীতে সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ছিনতাইকারীরা বাস, ট্রেন ও লঞ্চ যাত্রীদের যাতায়াতের সময় তাদের কাছ থেকে মূল্যবান জিনিস টেনে নিয়ে যায়। এরা মূলত টানা পার্টি হিসাবে পরিচিত।”

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ কর্মকর্তা বাতেন।

গ্রেপ্তারদের কাছ থেকে ছুরি, চায়নিজ কুড়ালসহ বেশ কিছু ধারালো অস্ত্রও উদ্ধার করার কথা বলে জানিয়েছে পুলিশ।