মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা: ঢাকায় গ্রেপ্তার ৩
মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ঢাকায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় মহাখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
তবে তারা রোববার রাত থেকেই নিখোঁজ বলে থানায় জিডি করে তাদের পরিবার।
গ্রেপ্তার তিনজন হলেন রাসেল গাজী (২২), আবু হানিফ (২০) ও মো. নাসির (২২) ।
র্যাব জানায়, সোমবার সন্ধ্যায় মহাখালী থেকে এই তিনজন এবং শেরে বাংলা নগর এলাকা থেকে শাহাবউদ্দিন (২২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তারা প্রতারণা করে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেওয়া চক্রের সক্রিয় সদস্য।
র্যাব-২ এর উপ পরিচালক মোহাম্মদ আলী বলেন, “তারা নিজের একাউন্টে বিকাশের মাধ্যমে টাকা ঢোকানোর সময় কৌশলে এজেন্টের কাছে থাকা রেজিষ্টারের ছবি তুলে নিত। এরপর তারা সেখানে থাকা নম্বরগুলোর মাধ্যমে কয়েকটি টার্গেট করে এবং প্রযুক্তির মাধ্যমে ওইসব নাম্বারে বিকাশের হয়ে টাকা পাঠানোর ভুয়া মেসেজ পাঠাত। পরে ওই নাম্বারে ফোন করে বলত, ‘আপনার একাউন্টে টাকা ভুল করে চলে গেছে, আপনি যদি ফিরিয়ে দেন’।”
ভুক্তভোগী প্রতারকদের কথায় বিশ্বাস করে টাকা পাঠিয়ে প্রতারিত হত বলে জানান এই র্যাব কর্মকর্তা।
তিনি বলেন, “এভাবে এই চক্রটি মাসে প্রায় এক লাখ টাকা হাতিয়ে নেয়। তাদের আরও কয়েকজন গডফাদার রয়েছে গাইবান্ধা, কিশোরগঞ্জ ও ফরিদপুরে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এদিকে মহাখালী থেকে যে তিনজনকে র্যাব গ্রেপ্তার করেছে, তাদের পরিবারের দাবি এই তিনজন প্রায় একই সময় রোববার রাতে নিখোঁজ হয়। মঙ্গলবার পর্যন্ত খোঁজ না পাওয়ায় তারা বনানী থানায় জিডি করেন।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা সবাই বিভিন্ন সময় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে থেকে মঙ্গলবার পৃথকভাবে জিডি করা হয়।
মঙ্গলবার রাত ৯টায় তার সঙ্গে কথা বলার সময়ও তিনি বলেন, তাদের যে র্যাব-২ গ্রেপ্তার করেছে, তা তার জানা নেই।
রাসেল গাজীর মা রীনা বেগম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ছেলেকে রোববার রাত সাড়ে ৮টার দিকে একজন বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাত ১১টা থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
আবু হানিফের মা সাফি বেগম জানান, রাসেল গাজীর সঙ্গে বের হয়েছিলেন তার ছেলে। রাত ১১টার পর তার মোবাইল বন্ধ পান তারা।
নাসিরের এক স্বজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাসির গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন। সম্প্রতি তিনি বিয়ে করে গাজীপুরে বাবা-মায়ের সাথে থাকেন। তবে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় তিনি নানাবাড়ি মহাখালী কড়াইল বস্তিতে ছিলেন।
ওই স্বজন বলেন, জাহিদ নামে একজন শনিবার রাতে নাসিরকে অসংখ্যবার ফোন করে। রোববার সকালেও তার সঙ্গে দেখা করতে গাজীপুরের বাসা থেকে বের হন নাসির। তখন তারা ধারণা করেছিলেন যে মহাখালীতে গেছেন নাসির।
“কিন্তু রাত সাড়ে ১১টায়ও গাজীপুরের বাসায় না ফেরায় খোঁজ নিতে গিয়ে দেখা যায়, তার মোবাইল বন্ধ।”
নাসিরের এই স্বজন বলেন, আল আমীন নামে এক ব্যক্তি তাদের জানিয়েছেন, তিনজনের একজনকে রোববার রাতে মাইক্রোবাসে তুলতে তিনি দেখেছেন।
তিন পরিবারের সদস্যরা বলছেন, বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও না পেয়ে তারা থানায় জিডি করেন। মঙ্গলবার সন্ধ্যায় তারা জানতে পারেন, র্যাব তাদের ছেলেদের গ্রেপ্তার করেছে।
