২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের কোল থেকে পড়ে শিশুমৃত্যু: এক ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইয়ের সময় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2017, 02:28 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

পুরনো খবর:

মা ছিনতাইকারীর কবলে, কোল থেকে পড়ে প্রাণ গেল শিশুর
রাতেও যেখানে কোলাহল সেখানেই ছিনতাই নীরব ভোরে

ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার ফরিদউদ্দিন আহমেদ জানান, শনিবার রাত ১টার দিকে দয়াগঞ্জ এলাকা থেকেই রাজীব নামে ২০ বছর বয়সী ওই তরুণকে তারা গ্রেপ্তার করেন।

ফরিদউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদকসেবী রাজীব মূলত ছিনতাইয়ের সঙ্গে জড়িত।”

গত ১৮ ডিসেম্বর ভোরে দয়াগঞ্জ চৌরাস্তার পূর্বপাশে ছিনতাইকারীর কবলে পড়েন রিকশারোহী আকলিমা ও তার স্বামী শাহ আলম গাজী।

ছিনতাইকারী আকলিমার কাঁধে ঝোলানো ব্যাগে টান দিলে তার কোল থেকে পাঁচ মাসের শিশু সন্তান আরাফাত নিচে পড়ে মারা যায়।

বড় সন্তানের চিকিৎসার জন্য শরীয়তপুর থেকে আসা আকলিমাও রিকশা থেকে পড়ে গিয়েছিলেন বলে জানান তার স্বামী শাহ আলম।

পুলিশ কর্মকর্তা ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার রাজীব প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তাকে রিমান্ডে নিলে ঘটনার বিস্তারিত জানা যাবে।”