শিল্পকলায় মঞ্চস্থ হল ‘মহুয়ার পালা’
পালাকবি দ্বিজ কানাই রচিত নৃত্যনাট্য ‘মহুয়ার পালা’ মঞ্চস্থ হল শিল্পকলা একাডেমির তৃতীয় নৃত্যনাট্য উৎসবে।
শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে ময়মনসিংহের বহুরূপী নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করে নৃত্যনাট্যটি। রোববার শেষ হবে উৎসব।
রূপ মোহ, অন্তরের আলোড়ন, মিলনের আকুতি, বিরহের জ্বালা ও বিদায়ের হাহাকার ইত্যাদি বিষয়গুলো গীত ও নৃত্যে শৈল্পিকভাবে তুলে ধরেছেন শিল্পীরা।
শিল্পকলা একাডেমিতে ময়মনসিংহের বহুরূপী নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করে নৃত্যনাট্য ‘মহুয়ার পালা’। ছবি- জয়ন্ত সাহা
শিল্পকলা একাডেমিতে ময়মনসিংহের বহুরূপী নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করে নৃত্যনাট্য ‘মহুয়ার পালা’। ছবি- জয়ন্ত সাহা
মহুয়ার নাচ ও খেলা দেখে বামনকান্দা গ্রামের তালুকদার ব্রাক্ষণ যুবক নদের চাঁদ তার প্রেমে পড়ে যায়। আর মহুয়াও সাড়া দেয় তার প্রেমে। কিন্তু ব্রাহ্মণ যুবক নদের চাঁদের সঙ্গে বেদে যুবতী মহুয়ার প্রেমের সামাজিক স্বীকৃতি মেলা সম্ভব নয় বলে প্রেমিকযুগল পালিয়ে ঘর বাঁধে জনপদের বাইরে।
অনেক ষড়যন্ত্রকে কৌশলে ব্যর্থ করেও তারা নিষ্ঠুরতা এড়িয়ে যেতে পারে না। হোমরার দল তাদের খুঁজে পায়। হোমরা সর্দার মহুয়ার হাতে ছুরি তুলে দিয়ে বলে নদের চাঁদকে খুন করার জন্য। কিন্তু মহুয়া তার প্রেমিক নদের চাঁদের পরিবর্তে নিজের বুকেই ছুরি বসিয়ে দেয়। প্রেমের জন্য জীবন বলি দিয়ে অনন্য ইতিহাস তৈরি করে মহুয়া। এভাবেই এগিয়ে যায় নৃত্যনাট্যের কাহিনী।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিশ্বজিৎ, ফাহিম, শোভন, রমজান, শ্রাবণ, রকি, আনিকা, রবি, বৃষ্টি, তাথৈ প্রমুখ।
নৃত্য পরিচালনায় ছিলেন মানস তালুকদার ও জয়নাল আবেদীন।
