২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের ট্রেন সূচিতে গড়বড়

ঘন কুয়াশা ও লাইনে সমস্যার কারণে উত্তরবঙ্গের ট্রেনগুলো নির্ধারিত সময়ের পরে ঢাকা ছেড়েছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2017, 12:52 AM

Updated : 19 Aug 2022, 06:14 PM

উত্তরবঙ্গের একজন যাত্রী শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে ফোন করে জানান নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পরেও ট্রেন আসেনি তার।

এ বিষয়ে জানতে ফোন করা হলে ঢাকা রেল পুলিশের উপ-পরিদর্শক বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুয়াশা ও লাইনে সমস্যার কারণে উত্তরের ট্রেনগুলো এক থেকে দেড় ঘণ্টা দেরিতে কমলাপুর ছেড়েছে।”

কয়েকদিন ধরেই ওই রুটে এই সমস্যা চলছে জানিয়ে তিনি বলেন, সম্প্রতি উত্তরবঙ্গের পথে একটি জায়গায় সেতু দেবে গিয়ে সমস্যা সৃষ্টি হয়। এছাড়া ঘন কুয়াশায় ট্রেনের গতিও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

ঘন কুয়াশার কারণে সমস্যা হচ্ছে নৌ ও বিমান চলাচলেও। এই মাসেই বেশ কয়েক রাতে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থেকেছে।

গত সোমবার থেকেই রাতে ঘন কুয়াশার মধ্যে উড়োজাহাজ অবতরণে সমস্যা হয়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কয়েক দিন এখানে বিমান ওঠানামা বন্ধ থেকেছে মধ্যরাত থেকে সকাল অব্দি।

পুরনো খবর:

কুয়াশায় এলোমেলো শাহজালালের ফ্লাইট সূচি