২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের আলোকচিত্রে রাজধানীর চালচিত্র

ইট-কাঠের নগরীতে মানুষের গৎবাঁধা জীবনধারা, শ্রেণি বৈষম্য আর কৃত্রিমতার বিপরীতে আশাবাদের গল্প উঠে এলো এক দল ক্ষুদে আলোকচিত্রীর ছবিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 09:44 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

শিশু মনের বিচিত্র খেয়ালে তোলা সেসব আলোকচিত্র নিয়ে শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে হয়ে গেল একদিনের আলোকচিত্র প্রদর্শনী ‘আমার চোখে ঢাকা’।

শিশু-কিশোর বিষয়ক পত্রিকা দুরন্ত’র আয়োজনে এই আলোকচিত্র প্রদর্শনীতে ঢাকার বিভিন্ন স্কুল-কলেজপড়ুয়া ৫২ জন শিশু-কিশোরের তোলা ৭৮টি ছবি ঠাঁই পায়।

ঢাকার বিচিত্র শ্রেণি-পেশার মানুষের গল্পই বলে গেল অধিকাংশ কিশোরের ছবি। শিশু অধিকারের পক্ষে সুর মিলিয়ে এই শিশুরা তুলে আনলো অবহেলিত পথশিশুদের কথা, কেউ কেউ ফ্রেমবন্দি করেছে শিশু শ্রমিকদের হাড়ভাঙা খাটুনির গল্প। ক্ষুধার পীড়নে স্বপ্নীল কৈশোরের হারিয়ে যাওয়ার তীব্র যন্ত্রণার কথা ফুটে ওঠে ক্ষুদেদের আলোকচিত্রে।

ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট আর স্ট্রিট ফটোগ্রাফি-ই বেশি করেছে এই কিশোররা। এক কিশোর ফ্রেমবন্দি করেছেন ফুটপাথের ধারে বেড়ে ওঠা এক কন্যাশিশুর দিনযাপনের গল্প।

ঢাকায় যৎকিঞ্চিৎ সবুজ আর জলাভূমি ধ্বংস করে আবাসন প্রকল্প, সুরম্য অট্টালিকা তৈরি করে কেড়ে নেওয়া হচ্ছে শিশুদের খেলার মাঠ। শিশুরা তারও প্রতিবাদ জানাল আলোকচিত্রে। কৃত্রিম সব আলো-আঁধারির বিপরীতে তাদের ছবির শিরোনাম হয় ‘ভালো নেই আলোতে’, ‘প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংসের পথে’, ‘আলোর তফাৎ’।

কারও কারও ফ্রেমে উঠে এসেছে রাতের ঢাকার নানা চালচিত্র।

শুধু নেতিবাচক চিত্রই তুলে আনেনি শিশু-কিশোররা। তারা বলেছে, আশাবাদের কথাও- ‘আগামীর চোখে স্বপ্ন’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে’-ছবিগুলোতে ঢাকাকে বাসযোগ্য করে তোলারই প্রত্যয় ফুটে উঠেছে।

দু্রন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক জান্নাতুল ফেরদৌস পিংকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবাইল ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা ক্যাটাগরিতে সেরা দশজন শিশুকে পুরস্কার দেওয়া হয়েছে। সেরাদের সেরা দুজনকে তিন হাজার টাকার মেধাবৃত্তি দেওয়া হয়েছে।

এই আলোকচিত্র প্রদর্শনীতে শিশুদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, চিত্রশিল্পী নাফিস আহম্মেদ নাদভী,  আলোকচিত্রী কে এম জাহাঙ্গীর আলম।

‘তারুণ্যের রং’

দেয়ালজুড়ে ছড়িয়ে আছে অসংখ্য ক্যানভাস। তরুণ চিত্রকরদের রং-তুলির আঁচড়ে সেসব চিত্রপটে উঠে এসেছে বিচিত্র বিষয়।

সেসব ছবি নিয়ে শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হলো যৌথ চিত্রকর্ম প্রদর্শনী। ৩২ তরুণ চিত্রশিল্পীর আঁকা ছবিতে সজ্জিত এ প্রদর্শনীর শিরোনাম ‘কালারস অফ ইয়ুথ’।

চার দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান এবং খ্যাতিমান চিত্রশিল্পী অধ্যাপক আবুল বারক্ আলভী ও শহিদ কবির।

তরুণ শিল্পীদের নানা মাধ্যমে আঁকা শতাধিক চিত্রকর্ম ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। ২৬ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।