আনন্দ-বিষাদে মাহবুবুল হক শাকিলকে স্মরণ
জন্মবার্ষিকীতে আলোচনা, কবিতা ও গানে স্মরণ করা হল মাহবুবুল হক শাকিলকে, যিনি এক বছর আগে চলে গেছেন পৃথিবী ছেড়ে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল কবিতা লিখতেন; ঢাকার লেখক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে সম্পর্ক রেখে চলতেন। তিনি হয়ে উঠেছিলেন প্রশাসনের সঙ্গে সংস্কৃতিকর্মীদের যোগাযোগের সেতুবন্ধন।
মাহবুবুল হক শাকিলের ৪৮তম জন্মবার্ষিকীতে বুধবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘জন্মোৎসবের’ আয়োজন করেছিল মাহবুবুল হক শাকিল সংসদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রাজনৈতিক নেতা, কবি-সাহিত্যিক-সাংবাদিকসহ সামাজিক-সংস্কৃতি অঙ্গনের কর্মীরা।
স্মরণসভায় এসেছিলেন মাহবুবুল হক শাকিলের বাবা ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, মা নুরুন নাহার, স্ত্রী নীলুফার আনজুম পপি ও মেয়ে জাকিয়া রুবাবা মৌপি।
পরিবারের সদস্যরা অনুরোধ করেন, শোকের কাব্য, মন খারাপের শব্দাবলী নয়, আনন্দ-উচ্ছ্বাসের গানেই যেন শাকিলকে স্মরণ করা হয়।
অর্থমন্ত্রী মুহিতও বলেন, “শাকিলের স্মরণে এ দিনটি উৎসবের, শোকের নয়।”
শাকিলের বাবা জহিরুল হক বলেন, “আজকে একই সঙ্গে বিষাদ ও আনন্দের দিন। কিছু বলা সত্যি দুরূহ। আমাদের ছোট শাকিল কবে বড় হয়ে গেছে, তা বুঝতেই পারিনি। ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতি, রাজনীতি থেকে সাহিত্য, সাহিত্য থেকে সংস্কৃতি অঙ্গন-সব অঙ্গনে বিচরণ ছিল তার। কোনো অঙ্গনে ঝড় না তুললেও মৃদু ঢেউ সে তুলেছিল, তার প্রমাণ আজকের উপস্থিতি।”
মাহবুবুল হক শাকিল
সতের বছরের যৌথ জীবনের নানা স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, “শাকিল আমাকে শুনিয়েছিল ‘আমার প্রাণের পরে চলে গেল’-গান রচনার প্রেক্ষাপট। সে গানের পরে অনেক বসন্ত কেটে গেল। এক শীতে এসে পরের বছরের বসন্ত থেমে গেল। আজকে যখন নানা কাজে শাকিলকে স্মরণ করি, তখন খুঁজি তাকে, কিন্তু কোথায় সে? তাকে খুঁজে বেড়াই।”
তরুণ রাজনৈতিক কর্মীদের প্রতি শাকিলের ‘নির্মোহ’ আদর্শ অনুসরণের অনুরোধ করেন তিনি।
মাহবুবুল হক শাকিল স্মরণে প্রবর্তিত ‘মাহবুবুল হক শাকিল পুরস্কার’ দেওয়া হয় এই অনুষ্ঠানে। ‘বিব্রত ময়ূর’ কাব্যগ্রন্থের জন্য প্রথমবারের মতো এই পুরস্কার পান তরুণ কবি রাসেল রায়হান।
তিনি বলেন, “এ পুরস্কার যতটা আনন্দের হওয়ার কথা ছিল, ততটা আনন্দের নয়। কারণ এ মাসে শাকিল ভাইকে হারিয়েছি।এ পুরস্কার মনে করিয়ে দেয়, শাকিল ভাই আর নেই।”
শাকিলের জন্ম ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর, ২০১৬ সালের ৬ ডিসেম্বর মারা যান তিনি।
শাকিল স্মরণে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “মৃত্যুর ছায়া প্রগাঢ়, তা আজ সরিয়ে ফেলা সম্ভবপর হচ্ছে না। শাকিল জীবনকে ভালোবাসত নিজের মতো করে। সে যেভাবে জীবনকে উপভোগ করতে চেয়েছিল, তাতে আয়ু যদি কমে যায় তাতে তার মধ্যে কোনো দুঃখবোধ ছিল না। মানুষটি এভাবে বেঁচে ছিল, ছেড়ে গেল আমাদের।
“শাকিল তার চারপাশকে এতটাই গুণমুগ্ধ করে রেখেছিল, এমনকি আমার মতো মানুষকেও মুগ্ধ করেছিল, তা থেকেও বোঝা যায়, আর দশজন মানুষের চেয়ে শাকিল আলাদা ছিল।”
মাহবুবুল হক শাকিলের প্রথম গল্প ‘ফেরা’ প্রকাশিত হয় এক সাহিত্য পত্রিকার ঈদ সংখ্যায়। সেই গল্পের ধারাবাহিকতায় আরও বেশ কয়েকটি গল্প প্রকাশিত হয় বিভিন্ন পত্রিকায়।
অধ্যাপক আনিসুজ্জামানের মতে, শাকিলের গল্পে ‘চমৎকারিত্ব’ ছিল।
“শাকিল কথাসাহিত্যে নতুন কিছু দিতে পারতেন।”
স্মরণসভার শুরুতে মাহবুবুল হক শাকিল সংসদের আহ্বায়ক কবি হাবিবুল্লাহ সিরাজী শাকিলকে ‘স্বপ্নময় মানুষ’ হিসেবে অভিধা দিয়ে বলেন, “দুটি শব্দ সহযোগে আমি শাকিলকে স্মরণ করব, একটি মূর্ধণ্য সহযোগে তরুণ, দ্বিতীয়টি মানুষের প্রতি ভালোবাসা। এই দুইয়ের সহযোগে দেশের জন্য, মানুষের জন্য কাজ করেছেন।”
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন- সিআরআই’ প্রতিষ্ঠার শুরুর দিকে মাহবুবুল হক শাকিলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। সিআরআইয়ের গবেষণা শুরুর দিকে মুহিত জানতে পারেন, শাকিল কবিতা আর গল্প লেখেন।
সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “আমি শাকিলের বাসায় গেলাম। তারপর আমি গেলাম, ময়মনসিংহে শাকিলের বাড়িতে। আমাদের পরিচয় গভীর হল। শাকিল আমার পরিচিত বলয়কে পরে ব্যাপকভাবে বিস্তৃত করেছে।”
শাকিলের কাজের ধরন নিয়েও আলোকপাত করেন তিনি।
“সিআরআইয়ের হয়ে যখন রাষ্ট্রীয় বিষয়ে বিভিন্ন প্রবন্ধ লেখা শুরু করলাম, তখন শাকিল ছিল আমার সহকর্মী। সে যে কোনো সভার বিষয়গুলো নিয়ে এত সুন্দর প্রতিবেদন উপস্থাপন করত! নেত্রীর সঙ্গে আলোচনা পর্বের পর সেটাকে আত্মস্থ করে তার সারবস্তু বের করত শাকিল। একটু পর তার কম্পিউটারে দেখা গেল, একটি বিউটিফুল প্রডাক্ট বের হয়েছে। তার মতো সিস্টেমেটিক মানুষ আমি খুব কম দেখেছি।”
রাজনীতির শাকিলকে বিশ্লেষণ করতে গিয়ে মুহিত বলেন, “রাজনীতির সঙ্গে শাকিলের গভীর সম্পৃক্তি ছিল। এ বিষয়ে উন্নত পর্যায়ের ধ্যান- ধারণা তার ছিল।”
৩৪ বছরের ছোট শাকিলকে নিয়ে তিনি বলেন, “কাজের মাধ্যমে শাকিল জীবনটাকে সাফল্যমণ্ডিত করে গেছেন। সফল শাকিলের স্বার্থক জীবনের উৎসব আজ, সেই উৎসবে শামিল হতে পেরে আমি গর্বিত।”
অনুষ্ঠানের কত্থন পর্বের মধ্যে ছিল শাকিলের কবিতা পাঠ, তার কবিতা থেকে তৈরি করা গানের পরিবেশনা।
স্মরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংসদ কাজী রোজী, ফজিলাতুন্নেছা বাপ্পী ও প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন উপস্থিত ছিলেন।
