ঢাকার রাস্তায় গাড়ি রাখা নিয়মের মধ্যে আসছে
রাজধানীর রাস্তায় শৃঙ্খলা ফেরাতে গাড়ি রাখার স্থান নির্দিষ্ট করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এসব স্থানের কোনটিতে কতগুলো করে গাড়ি রাখা যাবে তাও ঠিক করে দেওয়া হয়েছে।
গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানগুলো বিভিন্ন প্রতিষ্ঠানকে লিজ দেবে সিটি করপোরেশন। এসব স্থানে টাকা দিয়ে গাড়ি রাখা যাবে।
‘অনস্ট্রিট গাড়ি পার্কিং’ নামের এই ব্যবস্থা গত কয়েকদিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে দেখার পর চূড়ান্তভাবে তা চালু করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল আলম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত কয়েকদিন ধরে পরীক্ষামূলকভাবে চালু ছিল এই ব্যবস্থা।”
এখন চূড়ান্তভাবে চালু করা হয়েছে জানিয়ে রেজাউল আলম বলেন, “বিষয়টি সিটি করপোরেশনকে জানানো হয়েছে। তারা অনেক জায়গা ইতিমধ্যে লিজও দিয়েছে। বাকি জায়গাগুলোও পর্যায়ক্রমে লিজ দিয়ে এ ব্যবস্থার আওতায় আনা হবে।”
গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান
ট্রাফিক পূর্ব বিভাগ: দয়াগঞ্জ মোড় থেকে জুরাইন রেলগেটের (মীর হাজিরবাগ নতুন বাজার) এক পাশে ১০০টি, মতিঝিলের বিনিয়োগ বোর্ড থেকে পিপলস ইন্সুরেন্স পর্যন্ত রাস্তার এক পাশে ১২০টি, বায়তুল মোকারমের স্বর্ণ মার্কেট লিংক রোডের এক পাশে ৩০টি, মতিঝিলের জনতা ব্যাংক প্রধান কার্যালয় থেকে বক চত্বর পর্যন্ত রাস্তার উভয় পাশে ৩০টি, মতিঝিলের বাবে রহমত ক্রসিং থেকে এজিবি কলোনি বাজার পর্যন্ত রাস্তার এক পাশে ৬০টি, নয়া পল্টনে পলওয়েল মার্কেটের এক পাশে ১৮টি, মতিঝিলের কমিশনার গলি থেকে মন্দির পর্যন্ত রাস্তার এক পাশে ২৫টি, মতিঝিলের বন ও শিল্প ভবন থেকে শাপলা চত্বর পর্যন্ত রাস্তার উভয় পাশে ৪০টি, মতিঝিলের ২৪ তলা বিল্ডিং থেকে অ্যালিকো বিল্ডিং পর্যন্ত রাস্তার এক পাশে ৫০টি, কমলাপুর পীরজঙ্গী মাজার থেকে কমলাপুর পর্যন্ত রাস্তার উভয় পাশে ৪০টি, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তার উভয় পাশে ৪০টি, মতিঝিলের আল-হেলাল পুলিশ বক্স থেকে বাবে রহমত পর্যন্ত রাস্তার উভয় পাশে ২৫টি, মাতুয়াইল মাতৃসদন হাসপাতাল থেকে হাশিম রোড পর্যন্ত সার্ভিস রোডের এক পাশে ১০০টি গাড়ি রাখা যাবে।
ট্রাফিক দক্ষিণ বিভাগ: হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে নেভী কল্যাণ ফাউন্ডেশন পর্যন্ত রাস্তার এক পাশে ৯০টি, বেইলি রোডের উত্তর পাশে ১০০টি, এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল থেকে গাউছিয়া মার্কেট পর্যন্ত রাস্তার এক পাশে ৭৫টি, পলাশী থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত রাস্তার এক পাশে ১১৭টি, নিউ মার্কেট এক নম্বর গেইট রাস্তার উভয় পাশে ২৫০টি, নিউ মার্কেট দুই নম্বর গেট থেকে চার নম্বর গেইট পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে ১৫০টি, ধানমন্ডি ৪, ৫, ৬, ৭ ও ৮ নম্বর রোড, মিরপুর রোডের সাথে গ্রিন রোডের সংযোগকারী রাস্তার উভয় পাশে ৭৫টি, সাত মসজিদ রোডের পশ্চিম পাশে (জিগাতলা থেকে বাংলাদেশ মেডিকেল হাসপাতাল পর্যন্ত) ১০০টি গাড়ির পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।
ট্রাফিক পশ্চিম বিভাগ: ফার্মগেট খেজুর বাগান গোল চত্বরের পূর্ব পাশে ৪০টি, মিরপুর স্টেডিয়ামের পাশে মিল্ক ভিটা রোডের উত্তর পাশে (লাভ রোড) ১৫টি, চিড়িয়াখানা রোড (সনি সিনেমা হল হতে চিড়িয়াখানা) ফুটপাত সংলগ্ন মূল সড়কের উভয় পাশে ২০টি, মিরপুর-১৪ হতে টেকনিক্যাল (প্রিন্সিপাল আবুল কাশেম রোডের বশির উদ্দিন স্কুল গলি হতে র্যাব-৪ এর কার্যালয় গলি পর্যন্ত) মূল সড়কের পূর্ব পাশে ২০টি, ইব্রাহীমপুর বাজার রোড ও কচুক্ষেত রোড সংযোগস্থল হতে উত্তর ও দক্ষিণ প্রধান সড়কের পশ্চিম পাশে ২৫টি, মিরপুর-১৪ বাসস্ট্যান্ড হতে পুলিশ স্মৃতি স্কুল ও কলেজ পর্যন্ত মূল সড়কের দক্ষিণ পাশে ২০টি, মিরপুর শাহ্ আলী মাজার হতে মুক্তিযোদ্ধা মার্কেট ক্রসিং পর্যন্ত রাস্তার উত্তর পাশে ২০টি গাড়ি পার্কিংয়ে ব্যবস্থা রাখা হয়েছে।
