২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতিমখানা দুর্নীতি: খালেদার পক্ষে ফের যুক্তি উপস্থাপন বৃহস্পতিবার

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী দাবি করেছেন, এ মামলার এজাহার ও অভিযোগপত্রে ‘অনেক’ অসঙ্গতি রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 01:16 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামানের আদালতে বুধবার বিএনপিনেত্রীর পক্ষে প্রায় আড়াই ঘণ্টা যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী আবদুর রেজাক খান।

বৃহস্পতিবার খালেদার পক্ষে তার তিন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের যুক্তি উপস্থাপন করার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার রাষ্ট্রপক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল যুক্তি উপস্থাপন করেন।

দুই পক্ষের যুক্তিতর্ক শেষ হলেই দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নয় বছর আগে দুদকের দায়ের করা এ মামলা রায়ের পর্যায়ে আসবে।

খালেদা জিয়া বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত এ আদালতে উপস্থিত হলে আসামিপক্ষে যুক্তিতর্ক শুরু হয়। রেজাক খানের বক্তব্য উপস্থাপন শেষে বেলা পৌনে ২টার দিকে আদালত প্রাঙ্গণ ছেড়ে যান বিএনপি নেত্রী।

যুক্তিতর্ক শুনানিতে রেজাক খান বলেন, “গতকাল প্রসিকিউশন থেকে যে যুক্তি তুলে ধরেছেন, এতে উনি (কাজল) সর্বোচ্চ সাজা মুখে না বললেও আকারে ইঙ্গিতে বলেছেন। সর্বোচ্চ সাজা কামনা করতে গেলে মামলার সর্বোচ্চ কমপ্লায়েন্স দরকার। কিন্তু খালেদা জিয়ার এ মামলায় কীভাবে চার্জশিটভুক্ত হলেন- সে বিষয়ে কিচ্ছু লেখা নেই।”

এই আইনজীবী বলেন, “এই মামলার এফআইআরের সঙ্গে চার্জ গঠনের কোনো সম্পর্ক নেই। এতে ঘটনাস্থল ভুল করা হয়েছে। দুদক থেকে পিয়ন দিয়ে কোনো এহাজার পাঠালেই তা দ্রুত এফআইআর করা হয়, এখানে গোড়ায় গলদ।”

মামলার অভিযোপত্রেও অনেক অসঙ্গতি রয়েছে দাবি করে রেজাক খান বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনও সঠিকভাবে হয়নি।

বিচারক এ সময় তাকে বলেন, “এসব বিষয় নিয়ে তো আপনারা হাই কোর্টে গিয়েছিলেন, সেখান থেকে তো নামঞ্জুর হয়েছে। এরপর আবার কেন এ বিষয় নিয়ে বলছেন?”

এ প্রশ্ন এড়িয়ে গিয়ে খালেদার আইনজীবী বলেন, “আমরা প্রত্যাশিত বিচার থেকে যেন বঞ্চিত না হই।”

রেজাক খান বলেন, “প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়মিত অডিট হয়। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রায় ১৭ বছর প্রধানমন্ত্রীর দপ্তরে ওই বিষয়ে কোনো অভিযোগ নেই। শুধু দুদক থেকে এ ধরনের পদক্ষেপ নেওয়া হল। টাকা কে পাঠাল- তার কোনো উল্লেখ এজাহারে নেই। এসব বিষয় চার্জে থাকতে হয়।”

তিনি বলেন, “খালেদা জিয়ার নামে বেশ কিছু মামলা রয়েছে, বাস পোড়ানোরই মামলা আছে ২০-২৫টি। তারা একটা রায় চাচ্ছে যাতে তিনি নির্বাচন করতে না পারেন। উনি এতিমের টাকা চুরি করেছেন- এমন কথা কোনো সাক্ষী তো বলেনি।”

রেজাক খানের যুক্তিতর্ক উপস্থাপন শেষে অপর আইনজীবী সানাউল্লাহ মিয়া এ মামলায় খালেদার স্থায়ী জামিন এবং জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্পণে লিখিত বক্তব্য জমা দেওয়ার আবেদন করেন।

আদালত স্থায়ী জামিনের আবেদন নাকচ করে অন্য আবেদনের বিষয়ে পরবর্তী তারিখে আদেশ দেবেন বলে জানান।

এতিমখানা দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে মোট সাত দিন বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ৫ ডিসেম্বর তার সেই বক্তব্য শেষ হলে বিচারক মো. আখতারুজ্জামান যুক্তিতর্ক শুনানির জন্য ১৯, ২০ ও ২১ ডিসেম্বর দিন রাখেন।

জিয়া এতিমখানা ট্রাস্টে এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা করে দুদক। তদন্ত শেষে ২০০৯ সালের ৫ অগাস্ট তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেন।

তার পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরু করেন।

মামলার অন্য আসামিরা হলেন- খালেদার বড় ছেলে তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

খালেদা জিয়া, সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ এ মামলায় জামিনে আছেন। খালেদার বড় ছেলে তারেক রহমান গত নয় বছর ধরে দেশের বাইরে, তার বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এছাড়া কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।