২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়নচিত্রে দেশ ও দশের গল্প

দীর্ঘ সংগ্রাম,তিতিক্ষার পথ বেয়ে আসা বাঙালির  বিজয়গাথা, স্বাধীনতার স্থপতি, বাংলার মাটি-মানুষের গল্প নিয়ে রাজধানীর জাতীয় জাদুঘরে শুরু হয়েছে বয়নচিত্র প্রদর্শনী ও কর্মশালা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 11:55 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

মঙ্গলবার বিকালে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে নয় দিনব্যাপী এই প্রদর্শনী  উদ্বোধন করেন চিত্র সমালোচক ও লেখক অধ্যাপক নজরুল ইসলাম। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ট্যাপেস্ট্রি অ্যান্ড পেইন্টিং স্টুডিও যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে বাংলাদেশে বয়নশিল্প বিকাশে অগ্রণী ভূমিকা পালন করা প্রয়াত শিল্পী অধ্যাপক রশিদ চৌধুরীর নানা শিল্পকর্ম। তার প্রয়াণের পর তারই ছাত্র শিল্পী তাজুল ইসলাম বয়ান বা ট্যাপেস্ট্রিতে যোগ করেছেন সমকালীন চিত্রকলার নানা ধারা। সেসব শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে এসব শিল্পকর্ম।

Image
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে চলছে বয়নচিত্র প্রদর্শনী, যাতে উঠে এসেছে মুক্তিযুদ্ধ ও বাংলার মাটি-মানুষের গল্প। ছবি-জয়ন্ত সাহা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রদর্শনীর সবচেয়ে বড় শিল্পকর্মটির নাম ‘এক নদী রক্ত পেরিয়ে’। সিরিজ শিল্পকর্মে তাজুল ইসলাম তুলে এনেছেন স্বাধীনতার লাল সূ্যটি ছিনিয়ে  আনতে গিয়ে লাখো বাঙালির আত্মদানের গল্প। সুতি সুতোয় বোনা এই শিল্পকর্মটির  পাড়ে তিনি জুড়ে দিয়েছেন পাটের তন্তু, সেখানে ছোঁয়া দিলেন অ্যাক্রেলিকের।

‘বঙ্গবন্ধু’ শিরোনামের বিশাল প্রতিকৃতিটিও তিনি একই কায়দায় নির্মাণ করেছেন।

অ্যাক্রেলিকের বাইরে এসে তেলরং, গোয়াশ, জলরংয়ের ব্যবহারও করেছেন তিনি। প্রদর্শনীর শতাধিক শিল্পকর্মে রঙের উজ্জ্বল ব্যবহার ছিল লক্ষ্যণীয়। স্বাধীনতা যুদ্ধে বাঙালির আত্মদনের গল্প তিনি তুলে এনেছেন ছোট-বড় নানা শিল্পকর্মে।

এর পাশাপাশি বাংলার লোকজ মোটিফ ব্যবহারে তিনি তুলে এনেছেন বাংলার নারী, প্রকৃতি আর প্রকৃতির নানা অনুষঙ্গকে। গ্রাম বাংলার নিসর্গ, জীবনপ্রণালীও বাদ যায়নি।

নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারির মাঝে সাজানো ছিল ট্যাপেস্টি বা বয়নশিল্পের নানা উপাদান। প্রদর্শনীর ফাঁকে কর্মশালার শিক্ষার্থীরা দর্শনার্থীদের হাতে-কলমে দেখিয়ে দিচ্ছিলেন কত কসরতে তৈরি হয় একেকটি শিল্পকর্ম।

Image
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে চলছে বয়নচিত্র প্রদর্শনী, যাতে উঠে এসেছে মুক্তিযুদ্ধ ও বাংলার মাটি-মানুষের গল্প। ছবি-জয়ন্ত সাহা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে চলছে বয়নচিত্র প্রদর্শনী, যাতে উঠে এসেছে মুক্তিযুদ্ধ ও বাংলার মাটি-মানুষের গল্প। ছবি-জয়ন্ত সাহা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ এ চলছে  ৮ জন সাবেক শিক্ষার্থীর চিত্রকর্ম প্রদর্শনী  ‘দ্য ল্যান্ড অব উইশেস’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ এ চলছে  ৮ জন সাবেক শিক্ষার্থীর চিত্রকর্ম প্রদর্শনী  ‘দ্য ল্যান্ড অব উইশেস’।

২৯ ডিসেম্বর পর্যন্ত শনি থেকে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী।  শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত, বৃহস্পতিবার জাদুঘরের সাপ্তাহিক বন্ধ।

নবীনের ক্যানভাসে একাত্তর

চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের  আট সাবেক শিক্ষার্থীর ক্যানভাসে উঠে এসেছে একাত্তরের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধকালীন প্রেক্ষাপট আর অপত্য দেশপ্রেমের গল্প।

চারুকলার জয়নুল গ্যালারিতে শুরু হওয়া ‘দ্য ল্যান্ড অব উইশেস’ শিরোনামের এই প্রদ্শনীতে অংশ নেওয়া এই শিল্পীরা হলেন আঁখিনুর বিনতে আলী, বিপ্লব বিপ্রদাশ, ফারজানা আহমেদ উর্মি, ফারজানা হক, হীরা বিশ্বাস, মাহমুদা সিদ্দিকা, এস এস কে এম সাদি আহমেদ,  উমা মন্ডল।

‘ব্যাক টু দ্য টাইম’ শিরোনামে অ্যাক্রেলিকে আঁখিনুরের আঁকা ছবিতে উঠে এসেছে সভ্যতার লড়াইয়ের গল্প। মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মবলিদানের ইতিহাসকে স্মরণ করে দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান রয়েছে এই ছবিতে।

অ্যাক্রেলিকের ছবি ‘১৯৭১: ফরগটেন ফেইস’- এ উঠে এসেছে মুক্তিযোদ্ধাদের অকৃত্রিম সব বন্ধুদের কথা, যারা তাদের আশ্রয়, অন্ন বা অর্থ যুগিয়েছেন।বিপ্লব বিপ্রদাসের কোলাজে উঠে এলেন ইতিহাসের বিস্মৃত সেসব চরিত্ররা।

একাত্তরের প্রায় এক দশক পর জন্ম শিল্পী ফারজানা আহমেদের। তবুও একাত্তরের গল্পকে মনে গেঁথে নিয়ে তিনি এঁকেছেন স্মৃতিপটে মুক্তিযুদ্ধের গল্প। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের সামাজিক, রাজনৈতিক , অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটকে তিনি তুলে এনেছেন ‘দ্য মেমরি লেন’ ছবিতে।

উডকাট মাধ্যমে ‘আমার স্বাধীনতা আমার বিজয়’ ছবিতে উঠে এসেছে  একাত্তরে নারীর আত্মত্যাগের গল্প। শিল্পী ফারজানা হক এই ছবিতে প্রশ্ন রেখেছেন, সে  আত্মত্যাগের কতটা মর্যাদা দিতে পেরেছে বাংলাদেশ!

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ এ চলছে  ৮ জন সাবেক শিক্ষার্থীর চিত্রকর্ম প্রদর্শনী  ‘দ্য ল্যান্ড অব উইশেস’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ এ চলছে  ৮ জন সাবেক শিক্ষার্থীর চিত্রকর্ম প্রদর্শনী  ‘দ্য ল্যান্ড অব উইশেস’।

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ এ চলছে  ৮ জন সাবেক শিক্ষার্থীর চিত্রকর্ম প্রদর্শনী  ‘দ্য ল্যান্ড অব উইশেস’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ এ চলছে  ৮ জন সাবেক শিক্ষার্থীর চিত্রকর্ম প্রদর্শনী  ‘দ্য ল্যান্ড অব উইশেস’।

‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ শিরোনামের ছবিতে এস এস কে এম সাদি আহমেদ এবং ‘মাই ফেইথ ইন প্রমিসড ল্যান্ড’ ছবিতে হীরা  বিশ্বাস এঁকেছেন দেশপ্রেমের গল্প। ‍দুজনের মাধ্যম মিক্সড মিডিয়া।

শিশুর মতামত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন উমা মন্ডল, উডকাটে আঁকা তার ছবির শিরোনাম ‘বয়হুড’ । এই ছবিতে এক ইতিবাচক সমাজ নির্মাণের কথা বলা হয়েছে।

স্বৈরশাসন আর ধর্মান্ধ গোষ্ঠীর আগ্রাসনে স্বাধীনতার স্বাদ পুরোপুরি উপভোগ করতে না পারার খেদোক্তি উঠে এসেছে  মাহমুদা সিদ্দিকার ক্যানভাসে।

এই প্রদর্শনীটি আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।