ঢাকায় নেপালি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ
ঢাকায় ডেন্টাল কলেজে অধ্যয়নরত নেপালি এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে তার হোস্টেলের কক্ষে।
এই তরুণীর নাম বিনিশা শাহ (২১)। তিনি পাইওনিয়র ডেন্টাল কলেজে বিডিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ভাটারা থানার জোয়ার সাহারা এলাকায় কলেজটির হোস্টেল। মঙ্গলবার দুপুরে হোস্টেলে বিনিশার কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পাইওনিয়ার ডেন্টাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. রকিবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিনিশার পরীক্ষা ছিল। পরীক্ষার সময় শেষ হওয়ার আগেই তিনি পরীক্ষা হল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন।
“পরে তার রুমমেট অন্য এক নেপালি শিক্ষার্থী পরীক্ষা শেষ হয়ে বেলা সোয়া ১টার দিকে রুমে ফিরে দেখে, ভেতর থেকে দরজা লাগানো। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে হোস্টেলে থাকা বিকল্প চাবি দিয়ে দরজা খুলে দেখে বিনিশা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে।”
হোস্টেল কর্তৃপক্ষ তখন থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বিনিশার মৃত্যুটি আত্মহত্যা বলে ধারণা রকিবুলের।
তিনি বলেন, “তবে কেন আত্মহত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।”
ঘটনাটি ঢাকায় নেপাল দূতাবাস এবং নেপালে বিনিশার পরিবারকে জানানো হয়েছে বলে জানান ডা. রাকিবুল।
ভাটারা থানার ওসি এস এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন তারা।
ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
