২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতিমখানা দুর্নীতি: আসামিপক্ষের যুক্তি উপস্থাপন বুধবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে।  

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 01:46 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

পুরনো খবর:

এতিমখানা দুর্নীতি: খালেদার বিচার শেষ পর্যায়ে
খালেদার সাক্ষ্যের ইতি কোরআনের আয়াতে

ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামানের আদালতে বুধবার এ মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি হবে।

দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নয় বছর আগে দুদকের দায়ের করা এ মামলা রায়ের পর্যায়ে আসবে।   

মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার বেলা ১১টার পর রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে পৌঁছান।

এর পরপরই দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন।

তিনি বলেন, “বিদেশি অনুদানের অর্থ এতিমদের কল্যাণে খরচ না করে আসামিরা বিভিন্ন পদ্ধতিতে হস্তান্তর, রূপান্তর করেছেন। বছরের পর বছর তারা ওই অর্থ পাচার করেছেন।”

রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষীর কারও জবানবন্দিই আসামিপক্ষ জেরা করে খণ্ডন করতে পারেনি বলে দাবি করেন দুদকের আইনজীবী।

এ মামলায় আত্মপক্ষ সমর্থনে মোট সাত দিন বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ৫ ডিসেম্বর তার সেই বক্তব্য শেষ হলে বিচারক মো. আখতারুজ্জামান যুক্তিতর্ক শুনানির জন্য ১৯, ২০ ও ২১ ডিসেম্বর দিন রাখেন।

জিয়া এতিমখানা ট্রাস্টে এতিমদের জন্য বিদেশ থেকে আসা অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা করে দুদক। তদন্ত শেষে ২০০৯ সালের ৫ অগাস্ট তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেন।

তার পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরু করেন।

মামলার অন্য আসামিরা হলেন- খালেদার বড় ছেলে তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

খালেদা জিয়া, সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদ এ মামলায় জামিনে আছেন। খালেদার বড় ছেলে তারেক রহমান গত নয় বছর ধরে দেশের বাইরে, তার বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এছাড়া কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।