আইএলও কনভেনশন আনুযায়ী গৃহশ্রমের আইন প্রণয়নের আহ্বান
আইএলও কনভেনশন ১৮৯ অনুসমর্থন করে অভিবাসী গৃহশ্রমিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে গৃহশ্রম আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় আলোচকরা বলেন, অভিবাসী শ্রমিকরা জলবায়ু পরিবর্তনের শিকার হয়ে ক্ষুধা নিবারণে বিদেশগামী হয়। বিদেশ গিয়ে প্রবাসী শ্রমিকরা অধিকার ও নিরাপত্তাহীনতার শিকার হন। অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণে আইএলও কনভেনশন সমর্থন করে গৃহশ্রমের আইন প্রণয়নের দাবি কেবল যৌক্তিকই নয়, জরুরিও।
শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের আহ্বায়ক সুলতান উদ্দিন আহমেদ মনে করেন এ বিষয়ে আগে একটি সুস্পষ্ট আলোচনা ও জাতীয় বিতর্ক হওয়া উচিত।
তিনি বলেন, “আগে নির্ধারণ করা দরকার আমরা বিদেশে গৃহশ্রমিক পাঠাব কিনা। শ্রীলংকা, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এরা বিশ-পঞ্চাশ বছর যাবত শ্রমিক পাঠাচ্ছিল, এরা পাঠানো বন্ধ করল কেন? আমাদের অভিজ্ঞতা নেওয়া দরকার। সুবিধা বাড়ালে, বেতন বাড়ালেই শ্রমিক পাঠানোর প্রবণতা ঠিক নয়। বেতন বাড়ালেই নির্যাতিত হতে গৃহশ্রমিক পাঠিয়ে দিব আমরা?”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আমেনা বেগম ও উপদেষ্টা আবু হোসেন।
