শারীরিক প্রতিবন্ধীদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু
শারীরিক প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার চেষ্টাকে উৎসাহিত করতে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেডক্রসের (আইসিআরসি) আয়োজনে শুরু হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়।
প্রথম ম্যাচে দুরন্ত লালমনিরহাট ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিম ৪ উইকেটে ঢাকার দল আরদ্রিদ ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিমকে হারিয়ে দেয়।
ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন দুরন্ত লালমনিরহাটের টিপু; তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে তিনি করেন ১৯ রান।
প্রথমে ব্যাট করতে নেমে আরদ্রিদ সব উইকেট হারিয়ে ১২৬ রান করে। ওই রান তাড়া করতে নেমে দুরন্ত লালমনিরহাট ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় আইসিআরসির ভারপ্রাপ্ত প্রধান ওয়াল্টার জন্টি, ইংল্যান্ড ও ওয়ালশ ক্রিকেট বোর্ডের ডিজিবিলিটি ক্রিকেটের প্রধান ইয়ান মার্টিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এ ই এম কায়সার, জগন্নাথ হলের প্রভোস্ট অসীম সরকার এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোযাড় জাভেদ ওমর বেলিম গোল্লা উপস্থিত ছিলেন।
গ্রুপ এ-তে রয়েছে দুরন্ত লালমনিরহাট ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) এবং ঢাকার আরদ্রিদ ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিম।
গ্রুপ বি-তে রয়েছে ঢাকার সিআরপি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিম, ব্রাহ্মণবাড়িয়ার ড্রিম ফর ডিজেবিলিটি ফাউন্ডেশন ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিম এবং গাজীপুর গ্লোরিয়াস ডিজেবল ক্রিকেট ক্লাব।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দৃশ্যমান বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। তবে শারীরিক ঝুঁকি ও নতুন আঘাতের ঘটনা এড়াতে বুদ্ধি প্রতিবন্ধী, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী, মাইনর অ্যামপুটেশন, হাড় ভাঙা ও হুইলচেয়ার ব্যবহারকারীদের এ কর্মসূচিতে নিরুৎসাহিত করা হয়েছে।
আইসিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে তাদের সমাজের মূল ধারায় অন্তর্ভুক্তি সুগম করার জন্য সংস্থাটি কাজ করে যাচ্ছে।
আইসিআরসি বিশ্বাস করে, ক্রিকেটের সঙ্গে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা সম্পৃক্ত হলে প্রতিবন্ধকতার চিরায়ত কুসংস্কার ও বৈষম্য কমে আসবে। পাশাপাশি প্রতিবন্ধীদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে এবং তাদের দক্ষতা ও সক্ষমতা বেশি গুরুত্ব পাবে।
