বিআরটিসির মোবাইল অ্যাপ ‘কত দূর’
ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ‘কত দূর’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি।
শনিবার সকালে মতিঝিল বিআরটিসি ডিপোতে এই বিশেষ অ্যাপ উদ্বোধন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।
উদ্বোধনীতে সচিব বলেন, “মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই অ্যাপটি কেবলমাত্র ঢাকা মেট্রোপলিটনের জন্য প্রযোজ্য হবে। এর মাধ্যমে যাত্রীরা বাসের গতিবিধি ও অবস্থান জানতে পারবেন।
“যার ফলে নিজের অবস্থানে বাসটি পৌঁছাতে কত সময় লাগবে এবং বর্তমানে বাসটি কোথায় আছে তা জানতে পারবে।”
বিজনেস অটোমেশন লিমিটেড ও আইডয়েশন টেকনোলজি সলিউশনস নামে দুটি আইটি প্রতিষ্ঠানের সহায়তায় তৈরি এই অ্যাপের সেবা শুরুতে আব্দুল্লাহপুর থেকে মতিঝিলগামী বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত বাসে মিলবে বলে জানান নজরুল ইসলাম।
বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া বলেন, “কত দূর অ্যাপের মাধ্যমে একজন যাত্রী বাসে ওঠার আগেই তার সিট নিশ্চিত করতে পারবেন; এমনকি রাস্তায় যানজট কেমন, গন্তব্যে পৌঁছাতে কেমন সময় লাগবে তাও এই অ্যাপের মাধ্যমে জানা যাবে।”
অ্যাপ উদ্বোধনের পর যাত্রীসেবা নিয়ে গণশুনানির আয়োজন করে বিআরটিসি।
গণশুনানিতে বিআরটিসি চেয়ারম্যান জানান, বাসে যাত্রীদের সেবার মান বাড়াতে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ৩৬ হাজার চালককে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, “স্মার্ট কার্ডের মাধ্যমে সকল পরিবহনের ভাড়া পরিশোধের ব্যবস্থা করেছি। আশা করি খুব তাড়াতাড়ি মানুষ এর উপকার পাবে।”
গণশুনানিতে যাত্রীদের অনেকেই অভিযোগ করেন, চালক এবং হেলপাররা যাত্রীদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে।
শরিফ আহম্মেদ নামের এক ব্যবসায়ী অভিযোগ করেন, “বিআরটিসির ভাড়া নির্ধারিত থাকলেও অনেক সময় বেশি ভাড়া দিতে হয়। হেলপার ও ড্রাইভাররা প্রায়ই যাত্রীদের সাথে খারাপ আচরণ করেন। এটা কোনোভাবে যাত্রীদের কাছে কাম্য নয়।”
এর উত্তরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেন, “কোনোভাবেই যাত্রীদের সাথে খারাপ আচরণ করা যাবে না- এমনটি আমরা সবসময়ই পরিবহনের সাথে যুক্ত সবাইকে বলে এসেছি।”
