অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি দিয়ে চিঠি
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দিয়ে হাই কোর্টে তার কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ওই চিঠি এসেছে জানিয়ে তার পিএস কবির আহমেদ শাহবাগ থাকায় একটি জিডি করেছেন বলে ওসি আবুল হাসান জানিয়েছেন।
চিঠিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে লেখা হয়েছে, “আপনার সময় ফুরিয়ে এসেছে, জাহান্নামের জন্য প্রস্তুত থাকুন।”
ওসি আবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কে বা কারা এই চিঠি পাঠিয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে আইনি লড়াই চালিয়ে আসা মাহবুবে আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এর আগেও।
গত বছর ৫ জানুয়ারি পাঠানো এক চিঠিতে মাহবুবে আলমকে হত্যার হুমকির পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করা হয়।
ওই হুমকি দাতা হিসেবে সিলেটের বিয়ানীবাজার এলাকার মো. বেল্লাহ আহম্মেদকে চিহ্নিত করে পুলিশ। ধরা পড়ার পর বেলাল হুমকি দেওয়ার কথা স্বীকার করেছিলেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন।
