রাজধানীজুড়ে পোস্টার: হক গ্রুপের এমডি আদম তমিজিকে জরিমানা
রাজধানী জুড়ে অবৈধভাবে পোস্টার সাঁটানোয় হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
রাজধানীর বিভিন্ন এলাকার দেয়াল ও স্থাপনায় লাগানো পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে আদম তমিজির ছবি রয়েছে।
হক গ্রুপ দেশের অন্যতম বিস্কুট, কনফেকশনারি, সাবান ও ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির জনপ্রিয় বিস্কুট হচ্ছে ‘মি. কুকি’।
মঙ্গলবার রাজধানীর গুলশান এবং নিকেতন এলাকায় অভিযানে ঢাকা লিট ফেস্টের আয়োজক যান্ত্রিক ফাউন্ডেশনকেও ৫০ হাজার টাকা জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।
তবে সে সময় তমিজি হক তার কার্যালয়ে ছিলেন না। আদালত গ্রুপের কর্মকর্তাদের কাছে জরিমানার কাগজ দিলে কর্মকর্তারা টাকা পরিশোধ করেন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের কাছে দুঃখও প্রকাশ করেন হক গ্রুপের কর্মকর্তারা।
রাজধানীর দেয়াল নোংরা করার অভিযোগে এর আগে আদম তমিজি হককে নোটিস পাঠানো হয়েছিল জানিয়ে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, এরপরও পোস্টার অপসারণ করা হয়নি।
“সারা ঢাকা শহর তিনি ঢেকে ফেলেছেন। আইন অনুযায়ী পারমিশন ছাড়া তিনি কোথাও পোস্টারিং করতে পারেন না। এ ব্যাপারে তাকে চিঠিও দেওয়া হয়েছিল। তিনি যত্রতত্র পোস্টারিং করে পরিবেশ নোংরা করেছেন। সিটি করপোরেশনের আইন অমান্য করেছেন। এ কারণে পোস্টার নিয়ন্ত্রণ আইন এবং সিটি করপোরেশন আইনে তাকে জরিমানা করা হয়েছে।”
অভিযানে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক এবং অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে.কর্ণেল সেলিম মাহমুদ উপস্থিত ছিলেন।
উত্তর সিটি করপোরেশনের সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হকের পরিচ্ছন্ন ঢাকা গড়ার সমাধান যাত্রায় দেয়াল লিখন, পোস্টার অপসারণ, অবৈধ ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণ গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম ছিল।
এরই অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হয়।
