২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেই দিন যদি মরে যেতাম, মনে হয় বেঁচে যেতাম’

সময় গড়িয়েছে ৪৬ বছর, কিন্তু হনুফার সেই ক্ষত এখনও দগদগে; বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে নির্যাতিত এই নারী শোনালেন তার জীবনযুদ্ধের গল্প।

কাজী নাফিয়া রহমান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2017, 01:33 AM

Updated : 11 Oct 2022, 02:48 PM

“সেদিন যদি আমি মরে যেতাম, তবুও মনে হয় আমি বেঁচে যেতাম এই কলঙ্কিনী জীবন থেকে," সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবির ‘বিজয় ইতিহাস অ্যাপ' উদ্বোধন অনুষ্ঠানে বলেন হনুফা।

এই রকম হাজার হাজার হনুফার বিসর্জনের পালায় এসেছে বাংলাদেশের স্বাধীনতা; যাদের এখন মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে।

একাত্তরে মুক্তিযুদ্ধের শুরুতেই হনুফাদের নিম্ন আয়ের পরিবার ঢাকা ছাড়ে। অভাবে সংসার চালাতে না পেরে তার বাবা পরিবার নিয়ে ঠাঁই নেন চাঁদপুরের শ্বশুরবাড়িতে। 

ঠেলাগাড়ি চালাতেন হনুফার বাবা; তাতে সাতটি সন্তানকে চলা তার জন্য কষ্টেরই ছিল।

“যুদ্ধ শুরু হলে আমরা নানার বাড়ি গেলাম। নানির তেমন সম্পদ ছিল না যে খাওয়াবে। দেড় মাস পরে আমরা আবার ঢাকায় চলে আসি, চাঁদপুর থেকে ঢাকা পর্যন্ত হেঁটে আসছিলাম।"

ঢাকায় ফিরেই পাকিস্তানি সেনাবাহিনীর নির্যাতনের শিকার হন হনুফা।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "ঢাকার বাসায় খাওয়ার কিছু ছিল না। অল্প আটা ছিল, সেটা দিয়ে মা জাউ বানানোর জন্য গেলো। জাউ যে রাঁধবে লাকড়ি নাই। আমি চুলা জ্বালানোর জন্য লাকড়ি টোকাতে গেছিলাম।

"আমি জানতাম না সেখানে যে আমার জন্য কালশত্রু দাঁড়িয়ে আছে। সেখানে যে ক্যাম্প বসছে, সেটাও আমি জানতাম না। যুদ্ধ কি সেটাও ভালভাবে বুঝতাম না। নির্যাতন কি তাও তো জানতাম না।

রান্নার জন্য গাছের পাতা, ডাল কুড়ানোর সময় একটি বালিশ পড়া দেখে তা হাতে ধরার পরই নিজেও ধরা পড়েন হনুফা।

“পেছন থেকে দুজন আমাকে ধরল। আমি তাদের বলি যে আমি তো চুরি করছি না। আপনাদের বালিশ আপনারা নিয়ে যান, আমাকে ছেড়ে দেন। সেখানে একজন বাঙালিও ছিল। সে লাথি দিয়ে আমাকে ফেলে দেয়। একটা রুমের মধ্যে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।”

তারপর হনুফার উপর চলে পাশবিক নির্যাতন, টানা কয়েক দিন।

হনুফা বলেন, "এরপর তারা আমাকে ডোবায় ফেলে দেয়। তারা ভাবছিল আমি মরে গেছি। পরে এক লোক আমার ডোবায় পরে থাকার কথা বাবাকে জানায়। তখন আমি উলঙ্গ ছিলাম, বাবা পরনের গামছা দিয়ে চিকিৎসার জন্য আমাকে ক্যাম্পে দিয়ে আসে।"

এরপর সুস্থ হয়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় এগিয়ে যান হনুফা।

"ওখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল, তারা আমাকে সুস্থ করে। দুই নম্বর সেক্টরের জসিম ভাই, জিন্নাহ ভাই, নাজমুল কবির ভাই ছিলেন। সুস্থ হওয়ার পর ওনারা আমাকে বাবার কাছে চলে যেতে বলেছিল।"

তবে ক্যাম্পেই থেকে যান হনুফা, পরে বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের অস্ত্র পৌঁছে দিতেন তিনি।

যুদ্ধশেষে বিয়ে হলেও বীরাঙ্গনার বিষয়টি প্রকাশ পেলে সংসার ভেঙে যায় হনুফার।

"আমার স্বামীও গেছে, ছেলে-মেয়েও গেছে; তারা আমার পরিচয় দেয় না। আমাদের দুঃখ-সুখ শোনার মতো কোনো লোক নাই। আমাদের মাথা গোজার ঠাঁই নাই। আমরা ঘুম আসতে পারি না। আমাদের সন্তানদের মুখ দেখতে পারি না। রাস্তায় বের হলে বলে যে, বীরাঙ্গনা যায়।"

সেই দুঃস্মৃতি এখনও পিছু ছাড়েনি তার।

“আমি ঘুমের ভিতরে এখনও চিৎকার দেই। আমার ছেলে মেয়ে স্বামী বহুবার আমাকে জিজ্ঞেস করছে, কেন আমি চিৎকার করি। কিন্তু পত্রিকায় নাম আসার আগে আমি তাদের বলতে পারি নাই, কেন আমি চিৎকার করি।

স্বাধীন দেশেও কষ্টে বেঁচে থাকা হনুফা বলেন, "আমি জানি না আমাদের ভাগ্যে কী আছে। স্বাধীনতার ৪৬ বছর পার হয়ে গেছে, কিন্তু আমাদের কিছু হয় নাই। আমাদের কারও বাড়ি নাই। প্রধানমন্ত্রী আমাদের ডাকে যদি সাড়া দেয়, তাহলে আমাদের কিছু হবে।

বঙ্গবন্ধুর একটি কথায়ই এখনও আশায় বুক বাঁধেন হনুফা।

“একটা কথা আমাদের বার বার মনে হয়, বঙ্গবন্ধু একদিন বলেছিল- এদেশে যারা নির্যাতিত হয়েছে, তারা আমাদের মা, আমাদের বোন।”