নাগরিক সমাজের এসডিজি সম্মেলন বুধবার
সমাজের সব স্তরের মানুষকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে আগামী বুধবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাগরিক সম্মেলন।
আয়োজনের বিস্তারিত তুলে ধরে রোববার সংবাদ সম্মেলন করেন ‘বাংলাদেশ টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০’ এর আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য্য।
তিনি বলেন, “এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে এসডিজি বাস্তবায়নে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত এবং বৈষম্যের শিকার মানুষদের কণ্ঠস্বরকে আরও জোরদার করা।”
এই সম্মেলন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়ে জাতীয় পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশা করেন সিপিডির এই কর্মকর্তা।
দেবপ্রিয় বলেন, “এ সম্মেলন উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থা ও ব্যক্তিখাতের মধ্যকার সমন্বয় ও দক্ষতা আরও বৃদ্ধি করতে সাহায্য করবে এবং পাশাপাশি সরকারের সাথেও সহযোগিতার ক্ষেত্রগুলো আরও প্রশস্ত করতে কার্যকর ভূমিকা রাখবে।”
সম্মেলনে এসডিজি’র বিভিন্ন অভীষ্ট ও লক্ষ্যমাত্রা নিয়ে সমান্তরাল অধিবেশন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে তৈরি করা প্রেরণাচিত্রের প্রদর্শনী, এসডিজি বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের কার্যক্রম ও ভূমিকা নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়াও সম্মেলনের পক্ষে কিছু পরামর্শ ও দাবী সম্বলিত ‘নাগরিক ঘোষণা ২০১৭’ গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয়র সঙ্গে সমন্বয়ক আনিসাতুল ফাতেমা ইউসুফ, কোর গ্রুপের সদস্য শাহীন আনাম ও রাশেদা কে চৌধুরী এবং সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন।
